রামাল্লায় নায়ক আব্বাস চাপে আছে নেতানিয়াহু
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১২, ২০:৩২
৬৫ বছর পর ইতিহাসের বৃত্ত সম্পূর্ণ করে দেশে ফিরলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘে ফিলিস্তিনকে সদ্য পৃথক রাষ্ট্রের মর্যাদা পাইয়ে ‘দেশ’-এ ফিরেই নায়কের মর্যাদা পেলেন আব্বাস। রামাল্লায় ফিলিস্তিন অথরিটির সদর দফতরের সামনে মধ্যরাতেও হাজার পাঁচেক সমর্থকের ভিড়। হাতে পতাকা আর আব্বাসের ‘কাট আউট’। প্রবল হাততালি ও উল্লাসের মধ্যে আব্বাস ঘোষণা করেন, ‘অবশেষে আমরা নিজেদের দেশ পেয়েছি।’ তবে ফিলিস্তিনিরা যাতে দেশ না পায়, তার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছিল ইসরায়েল প্রশাসন। ‘পশ্চিম তীর’ ও জেরুজালেম শহরের যে এলাকা প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভাগে পড়বে বলে ঘোষণা করা হয়েছে, তার মাঝখানে ‘ই-১’ নামে ইহুদিদের নতুন এক বাসভূমি গড়ে তুলছে ইসরায়েল। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন জানিয়েছেন, ‘শান্তি ও এমন নির্মাণ একসঙ্গে চলতে পারে না। পশ্চিম এশিয়ার স্বার্থে ওই এলাকায় ইহুদি বাসস্থান গঠন বন্ধ করে দেয়া উচিত ইসরায়েলের। ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেয়ার সিদ্ধান্তে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহু। হুমকি দিয়ে বলেছেন—ফিলিস্তিনকে প্রতি মাসে তার সরকার সাহায্য হিসেবে যে ১০ কোটি মার্কিন ডলার দেয়, তা বন্ধ করে দেবে। ইসরায়েল সরকারের মালিকানায় থাকা বিদ্যুত্ উত্পাদন সংস্থা ‘ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনস’ও ফিলিস্তিনের কাছে ২০ কোটি মার্কিন ডলার পায়। অনাদায়ে ফিলিস্তিনের বিদ্যুত্-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুমকিও দিয়েছে ইসরায়েল। প্রতিবেশীর এমন হুমকিতেও ফিলিস্তিনিদের মনের জোর ভাঙেনি। আপাতত মাহমুদ আব্বাসের নেতৃত্বে স্বাধীন দেশ পাওয়ার আনন্দেই মশগুল তারা।