হাসপাতালে সুস্থ আছেন নেলসন ম্যান্ডেলা

হাসপাতালে চিকিত্সাধীন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির সরকার। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার জোহানেসবার্গের সামরিক হাসপাতালে ভর্তি হন তিনি। প্রেসিডেন্ট জ্যাকব জুমা ৯৪ বছর বয়সী ওই নেতার সঙ্গে দেখা করার পর এক সরকারি বিবৃতিতে ওই তথ্য জানানো হয়েছে। তবে বিবৃতিতে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শনিবার জুমার কার্যালয় জানিয়েছে, চিন্তিত হওয়ার কোন কারণ নেই। ‘বয়সজনিত সমস্যার’ কারণে তাকে রাজধানীর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ম্যান্ডেলার ঘনিষ্ঠজনরাও তার হাসপাতালে ভর্তির কারণ জানেন না। ২০১১ সালে শ্বাসকষ্টজনিত কারণে এবং এ বছরের ফেব্রুয়ারিতে তলপেটের ব্যথায় আক্রান্ত হলে ম্যান্ডেলাকে জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন স্বাস্থ্য পরীক্ষার পর কোন গুরুতর সমস্যা ধরা না পড়ায় কয়েকদিন পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয় তাকে। নেলসন ম্যান্ডেলা এখন ইস্টার্ন কেপ প্রদেশে তার শৈশবের গ্রাম কুনুতে বাস করছেন। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশটির প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছিলেন এই বর্ণবাদী নেতা।