সংবাদ কণিকা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১২, ২০:৩৫
‘বিরল’ প্রতিবাদ
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের ‘একতরফা’ খনিজ তেল অনুসন্ধান বন্ধের দাবির পর রবিবার হ্যানয়ের অপেরা হাউসের বিপরীত পাশে প্রায় ৩০ জন ভিয়েতনামী জড়ো হয়ে চীন বিরোধী শ্লোগান দিতে শুরু করে। তাদের হাতে চীন বিরোধী ব্যানারও দেখা যায়। এক পর্যায়ে প্রতিবাদ মিছিল নিয়ে তারা চীনা দূতাবাসের দিকে এগিয়ে যায়।—এএফপি
পিকনিকে সংঘর্ষে নিহত ১
পিকনিক করতে গিয়ে সংঘর্ষ। সেখানে নিহত ১। ভারতের ২৪ পরগনার খেয়াদহ’য় রবিবার রাতে ঘটেছে এ ঘটনা। সেখানে নস্কর পাড়ার ছেলেরা পিকনিক করছিল। পাশের খড়কি গ্রামের এক ব্যক্তি গাড়ি নিয়ে ধাক্কা মারে একজনকে। এ নিয়ে সংঘর্ষে পিকনিক করতে আসা যুবক গুরুতর জখম হয়। তাকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।—আনন্দবাজার পত্রিকা
৮ বরযাত্রী নিহত
গতকাল সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৮ বরযাত্রী। ভারতের নদিয়ার ধুবুলিয়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। হাঁসখালিতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে শেষে লালবাগে ফেরার পথে ধুবুলিয়ার ঘাটেশ্বর মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় টাটা সুমোতে থাকা ৮ যাত্রীর।—বর্তমান পত্রিকা
পুলিশ-কুকুরকে ধোঁকা
বিস্ফোরক শনাক্ত করতে এখন আর প্রশিক্ষিত কুকুরের উপর পুরোপুরি ভরসা রাখা যাবে না। কারণ, জঙ্গিরা এখন এমন কৌশল নিচ্ছে যে ‘ফেল’ করে যাচ্ছে স্নিফার ডগও। গন্ধ ঢাকতে বিস্ফোরকের সঙ্গে কফি মিশিয়ে দিচ্ছে জঙ্গিরা। মেশানো হচ্ছে রংও। কুকুরকে বোকা বানাতেই সন্ত্রাসবাদীদের এই নতুন পন্থা।—বিবিসি
মোরগের আঘাতে যুবক নিহত
মোরগের আক্রমণে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শিবসাগরে। সোমবার সেখানে মোরগের লড়াইয়ের আসর বসেছিল। এ সময় একটি মোরগ ক্ষিপ্ত হয়ে তুলসী মাহালি নামে এক যুবকের দেহ ক্ষত-বিক্ষত করে দেয়। মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে তার ধমনী কেটে গিয়ে অঝোরে রক্ত ঝরতে থাকে। হাসপাতালে নিয়ে গেলে তুলসীকে মৃত বলে ঘোষণা করা হয়।—আনন্দবাজার পত্রিকা