ময়মনসিংহে অগমেডিক্সের কর্মশালা

চাকরি দেয়ার লক্ষ্যে ময়মনসিংহে কর্মশালার আয়োজন করলো মার্কিন কোম্পানি অগমেডিক্স বাংলাদেশ। শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় সার্বিক সহযোগিতা করে ইয়ং-বাংলা টেকহাব।

এই কর্মশালায় তিনটি সেশনে দুই শতাধিক গ্র্যাজুয়েট ও প্রফেশনাল অংশগ্রহণ করেন। মধ্যম আয়ের জনগোষ্ঠী তৈরি করে ডিজিটাল বাংলাদেশ ২০২১–এর লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান সৃষ্টিই এর লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও বহুজাতিক স্বাস্থ্যসেবা কোম্পানি অগমেডিক্স এ বছর সারা বাংলাদেশে থেকে ৫০০ জন স্ক্রাইব নিয়োগ করবে। নিয়োগপ্রাপ্তরা বাংলাদেশে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে চাকরি করার সুযোগ পাবেন।

টেকহাবের প্রধান পরিচালনা কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ‘বর্তমানে ৬৪টি জেলায় টেকহাব রয়েছে, এটি নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে সরাসরি ভূমিকা পালন করবে। ঢাকার পাশে ময়মনসিংহ শহরে রয়েছে অনেক সম্ভাবনা,  আজকের এই কর্মশালার মধ্যে দিয়ে ময়মনসিংহ এর মানুষের জন্য সরাসরি কর্মসংস্থান সৃষ্টির বিশাল সুযোগ তৈরি হল।’

টেকহাবের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির জানান, তৃণমুল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে ইয়াং বাংলা টেকহাব সারা দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে ।

তিনি বলেন ‘ডিজিটাল অন্তর্ভুক্তিতে প্রান্তিক পর্যায়ে সমমর্যাদা ও সমান সুযোগ-সুবিধা ছাড়া উন্নয়ন সম্ভব হবে না। কেউ যাতে এই সুযোগের বাইরে না থাকে সে লক্ষেই কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা টেকহাব।’

অগমেডিক্স বাংলাদেশের কর্মকর্তা তানজিলা আহমেদ এবং শাবাজ খান জানান, কর্মশালা শেষে  ময়মনসিংহের গ্র্যাজুয়েটদের সম্পর্কে তাদের ধারণা পাল্টে গেছে। ময়মনসিংহের তরুণরা ব্র্যান্ড ও বহুজাতিক কোম্পানি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে। আজকের সেশন থেকে ৫০-৬০  জনেরও বেশি নিয়োগ দিতে পারবেন বলে আশা করেন তারা।

উল্লেখ্য, ময়মনসিংহ থেকে ৬শ’রও রেজিস্ট্রেশন হওয়ার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয় এবং এদের মধ্যে থেকে ২৫০ জনকে সুযোগ দেয়া হয়। শুধুমাত্র এদেরকেই ইমেইল ও এসএমএস এর মাধ্যমে ওয়াক-ইন-রিক্রুটমেন্ট সেশনে অংশগ্রহণ এর আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুনঃ কুকুরের পশমের চেয়ে মানুষের দাড়িতে বেশি জীবাণু: গবেষণা

মূলত দুইটি  স্লটে বিভক্ত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা সেশন শেষে লিখিত পরীক্ষায় দেয় এবং এদের মধ্য থেকে যারা নির্বাচিত হবে তাদেরকে পরবর্তীতে ভাইবার জন্য ঢাকায় ডাকা হবে।

ইত্তেফাক/টিএস