সিরিয়ার বিরোধী জোটকে ইইউ’র স্বীকৃতি

ইউরোপীয় ইউনিয়ন (ইউ) মোয়াজ আল-খাতিবের নেতৃত্বাধীন বিরোধী জোটকে সিরিয়ার জনগণের ‘‘বৈধ প্রতিনিধি’’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরদিকে, সিরিয়ায় বাইরের হস্তক্ষেপের আবারো বিরোধিতা করেছে রাশিয়া। এরই মধ্যে আলেপ্পোর প্রধান সেনা ঘাঁটি নিজেদের দখলে নেয়ার দাবি করেছে সিরিয়ার বিদ্রোহীরা। ইউরোপীয় ইউনিয়ন মনে করে সিরিয়ার বিরোধী জোটই দেশটির জনগণের ‘‘বৈধ প্রতিনিধি’’। কিছু বিতর্ক থাকলেও প্রেসিডেন্ট বাশার আল আসাদের বৈধ স্থলাভিষিক্ত হিসেবে মোয়াজ আল-খাতিবেরই স্বীকৃতি পাওয়া উচিত বলে ইউ জানিয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিরোধী ঐ নেতার সাথে বৈঠকের পর সোমবার এক বিবৃতিতে ইউ পররাষ্ট্র মন্ত্রীরা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন মোয়াজ আল-খাতিবের নেতৃত্বাধীন বিরোধী জোটকে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা বৈধ প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছে। এর আগে ইইউ এই বিরোধী জোটকে‘‘ সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার বৈধ প্রতিনিধি’’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ জানিয়েছেন, বিরোধী জোট ন্যাশনাল কোয়ালিশনে অন্তর্ভুক্তিকরণের ব্যাপারে মোয়াজ আল-খাতিব কিছু পরিষ্কার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির মধ্যে সিরিয়ার বসবাসরত কুর্দি এবং খ্রীস্টানদের বিরোধী জোটে অন্তর্ভুক্ত করার বিষয়টি রয়েছে বলে তিনি জানিয়েছেন। ইউ পররাষ্ট্র মন্ত্রীদের সাথে সিরিয়ার বিরোধী জোটের নেতা মোয়াজ আল-খাতিবের বৈঠকের পর ইউরোপিয়ান কমিশন গৃহযুদ্ধ কবলিত সিরিয়াকে আরো ৩৯ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে। এদিকে, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের পরিকল্পনার আবারও বিরোধিতা করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তগুলো সিরীয়দেরই নিতে হবে। সামাজিক রাজনৈতিক উন্নয়নের ‘রেসিপির’ প্রয়োগের জন্য তাদের উপর বাইরের হস্তক্ষেপ বা চেষ্টা চালানো যাবে না। সোমবার দেয়া ঐ বিবৃতিতে তাত্ক্ষণিকভাবে সহিংসতা বন্ধ ও জাতীয় সংলাপ শুরু করা এবং ক্ষমতার পালাবদল নিয়ে মতৈক্য আসার আহবান জানিয়েছে রাশিয়া। প্রসঙ্গত, জাতিসংঘ ও তার ইউরোপীয় মিত্ররা প্রেসিডেন্ট বাশার আল -আসাদের পদত্যাগের জন্য চাপ দিয়ে আসছে। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করে আসছে রাশিয়া ও চীন । সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর প্রধান সেনা ঘাঁটির গুরুত্বপূর্ণ কিছু অংশ নিজেদের দখলে নেয়ার দাবি জানিয়েছে বিদ্রোহীরা। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, প্রায় এক সপ্তাহ যুদ্ধের পর বিদ্রোহীরা রবিবার শেখ সুলেমান সেনা ঘাঁটির ভিতরে ঢুকে পড়েছে। একটি অপেশাদার ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্রোহীরা সেনা ঘাঁটির ভিতরে ঘুরে বেড়াচ্ছে। এতে আরো দেখা গেছে, বিদ্রোহীরা একটা দখল করা ট্যাংক চালাচ্ছে এবং বিমানবিধ্বংসী মেশিনগান চালাচ্ছে।