সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি মিসরে
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১২, ২০:২১
মিসরে মঙ্গলবার সাংবিধানিক গণভোট প্রত্যাহারের দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিরোধী দলগুলো। অন্যদিকে গণভোটের সমর্থনে মুসলিম ব্রাদারহুডসহ সমমনা ইসলামপন্থি দলগুলো সমাবেশের ডাক দেয়। ফলে দেশটিতে নতুন করে বড় ধরনের গোলযোগ শুরুর আশংকা করা হচ্ছে। এদিকে কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান নেয়া সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত হামলাকারীরা। এতে ৯ বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও মিসরের গণমাধ্যমগুলো। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ সময় পেট্রোল বোমাও নিক্ষেপ করে হামলাকারীরা। এতে বিক্ষোভকারীদের শিবিরে আগুন ধরে যায়। গণভোট অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ও সরকারি সম্পদ রক্ষা করতে দেশটির সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট মুরসি। এ বিষয়ে জারিকৃত এক ডিক্রিতে তিনি যে কোনো নাগরিককে গ্রেপ্তারের অনুমতি দিয়েছেন সেনাবাহিনীকে। সংবিধান ও গণভোট বাতিলের দাবিতে বিরোধীদলগুলোর কর্মীরা মিসরের আন্দোলন বিক্ষোভের প্রাণকেন্দ্র তাহরির স্কয়ারে অবস্থান নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছে। এদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ঘটনার পর তাহরির স্কয়ারে পুলিশ উপস্থিত হয়েছে। ২৩ নভেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম সেখানে পুলিশ এলো।
২২ ডিসেম্বর এক প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করে মুরসি ব্যাপক ক্ষমতা অধিগ্রহণ করার পরদিন থেকে সরকারবিরোধী এই বিক্ষোভ শুরু হয়। ব্যাপক প্রতিবাদের মুখে ডিক্রিটি বাতিল করতে বাধ্য হন মুরসি কিন্তু সাংবিধানিক গণভোট আয়োজনে অটল থাকেন। মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে বিক্ষোভ মিছিল করার ডাক দেয় সরকারবিরোধী বামপন্থি উদারপন্থি ও অন্যান্য গোষ্ঠীগুলো। তাড়াহুড়ো করে আয়োজিত গণভোট বাতিলের দাবিতে তারা এ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এর পাল্টা কর্মসূচি দেয় সংবিধান সমর্থক ইসলামি দলগুলো। তারা প্রেসিডেন্ট মুরসি ও প্রস্তাবিত সংবিধানের প্রতি সমর্থন জানানোর জন্য লাখ লাখ কর্মীর উপস্থিতিতে জনসমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে।