নিরীশ্বরবাদীরা বিশ্বব্যাপী হয়রানি ও বৈষম্যের শিকার

বিশ্বের বিভিন্ন এলাকায় নিরীশ্বরবাদী ব্যক্তিরা হয়রানি ও বৈষ্যমের শিকার। এ ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশের কারণে নয়টি দেশে তারা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে। সোমবার ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট এন্ড এথিক্যাল ইউনিয়ন (আইএইচইইউ) প্রকাশিত “চিন্তার স্বাধীনতা ২০১২” নামের এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। গবেষণায় দেখা গেছে,‘নিরীশ্বরবাদীরা’ ইসলামিক দেশগুলোতেই সবচেয়ে মারাত্মক নিগ্রহণের শিকার হন। কখনো কখনো রাষ্ট্রের হাতে বা রাষ্ট্রধর্মের পক্ষপাতীদের হাতে এরা নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। এসব দেশের পাশাপাশি প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রীয় নীতির উল্লেখ করে বলা হয়, এই দেশগুলোতে ধর্মানুসারীদের ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়। নিরীশ্বরবাদী ও মানবতাবাদীদের এসব দেশগুলোতে বহিরাগত হিসেবে বিবেচনা করা হয়।