পুলিশের সংগঠন করার অধিকার বৈধ :কলকাতা হাইকোর্ট

পুলিশ বাহিনীর সদস্যদের সংগঠন করা নিষিদ্ধ করার নির্দেশকে অবৈধ বলেছে কলকাতা হাইকোর্ট। গত ১০ জুন পুলিশের সংগঠন করা নিষিদ্ধ করে নির্দেশ জারি করে পশ্চিমবঙ্গ সরকার। সেই নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করে রাজ্যের তিনটি পুলিশ সংগঠন। খবর আনন্দবাজার পত্রিকা ও বর্তমান পত্রিকার। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত সরকারের নির্দেশ খারিজ করে বলেন, যে পদ্ধতিতে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তা অবৈধ। সরকার পুলিশের সংগঠন করা নিষিদ্ধ করতে চাইলে তা সঠিক পদ্ধতিতে করতে হবে। সংগঠনের যে অফিস ঘর দখল হয়েছে, তা সাতদিনের মধ্যে ফিরিয়ে দেয়ার নির্দেশও দিয়েছেন তিনি। পুলিশের সংগঠন নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন, ক্যালকাটা পুলিশ অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ নন-গেজেটেড পুলিশ কর্মচারী সমিতি কলকাতা হাইকোর্টে মামলা করে। তাদের পরে আইনজীবী অরুণাভ ঘোষ ও বিকাশ ভট্টাচার্য বলেন, রাজ্য যেভাবে সংগঠন করার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, তা করা যায় না। তাদের দাবি, পুলিশের সংগঠনের সঙ্গে অন্যান্য শ্রমিক সংগঠনকে এক করে দেখা ঠিক নয়। এই সংগঠন ইচ্ছে করলেই ধর্মঘট, কর্মবিরতি বা বিক্ষোভ করতে পারে না। সংগঠন কোনও সিদ্ধান্ত নিলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারা সমস্যার সমাধান না করলে আরও উপরতলায় জানিয়ে সমাধানের চেষ্টা করা হয়। সংগঠন নিষিদ্ধ করার নির্দেশ জারির পর নানা জায়গায় সংগঠনের অফিস ঘর দখল করে সরকার। গত জুনে বিচারপতি জয়ন্ত বিশ্বাস জানান, মামলা সমাধান না হওয়া পর্যন্ত অফিস দখল করা যাবে না। দখল হওয়া অফিস ঘর ফিরিয়ে দেয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি দত্ত। ক্যালকাটা পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন গুহ বলেন, আমি খুশি।