ভূমিকম্পে জাপানের পরমাণু কেন্দ্রের সমস্যা হয়নি

জাপানে শুক্রবারের ভূমিকম্পের পর এর কেন্দ্রের কাছাকাছি অবস্থিত পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো সমস্যা দেখা দেয়নি বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে। ভিয়েনাভিত্তিক এ সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার ভূমিকম্পের পর পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এনআরএ) সঙ্গে যোগাযোগ করা হলে পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি বলে তারা জানায়। ভূমিকম্পের পরপরই সংস্থাটির জরুরি অবস্থা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জাপানে যোগাযোগ করা হয় বলে এতে জানানো হয়। শুক্রবার জাপানে উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয় যার কেন্দ্র ছিলো গতবছর ভূমিকম্প ও সুনামির পরে বিপর্যয়ের মুখে পড়া ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের খুব কাছে।