কায়রোয় গণভোটের পক্ষে বিপক্ষে বিক্ষোভ

বিতর্কিত নতুন সংবিধানের ওপর গণভোট নিয়ে কায়রোয় পাল্টাপাল্টি প্রতিবাদ বিক্ষোভে জড়ো হয়েছে মিসরীয়রা। ধর্মনিরপেক্ষ বিরোধীদলগুলো কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে সমবেত হয়েছে। প্রাসাদ সুরক্ষায় নির্মিত বেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা করে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। অন্যদিকে, গণভোটের সমর্থক ইসলামপন্থিরা অবস্থান নিয়েছে তাহরির স্কয়ারে। তবে মঙ্গলবার মধ্যরাতের পর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের সংখ্যা কমতে থাকে। অনেক বিক্ষোভকারী সরে গেছেন। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত বলে কায়রোয় আল জাজিরার রিপোর্টার শেরিন টেড্রোস। পুরোপুরি ভোট বর্জন করা হবে না নতুন সংবিধানের বিরুদ্ধে প্রচারণা চালানো হবে সে ব্যাপারে মুরসি বিরোধীদের মাঝে দ্বিধা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকালে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে বিক্ষোভ মিছিল করার ডাক দেয় সরকারবিরোধী বামপন্থি, উদারপন্থি ও অন্য গোষ্ঠীগুলো। তাড়াহুড়ো করে আয়োজিত গণভোট বাতিলের দাবিতে তারা এ বিক্ষোভ মিছিলের ডাক দেয়। অন্যদিকে, এর পাল্টা কর্মসূচি দেয় সংবিধান সমর্থক ইসলামপন্থি দলগুলো। তারা প্রেসিডেন্ট মুরসি ও প্রস্তাবিত সংবিধানের প্রতি সমর্থন জানানোর জন্য লাখ লাখ কর্মীর উপস্থিতিতে জনসমাবেশ করার প্রস্তুতি নিয়ে মাঠে নামে। কংক্রিটের বেষ্টনি এবং ট্যাংক দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে প্রেসিডেন্ট প্রাসাদভবন। কড়া সেনা প্রহরার মুখেও প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে এবং তাহরির স্কয়ারে নেমেছে জনতার ঢল। আগামী ১৫ ডিসেম্বর, মিশরের প্রস্তাবিত সংবিধানের ওপর গণভোটের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। প্রস্তাবিত সংবিধান মিসরের আট কোটি নাগরিকের প্রতিনিধিত্ব করে না বলে সংবিধান ও গণভোট প্রত্যাখ্যান করেছে বিরোধীদলগুলো। ২২ নভেম্বর এক প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করে মুরসি ব্যাপক ক্ষমতা অধিগ্রহণ করার পরদিন থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ব্যাপক প্রতিবাদের মুখে ডিক্রিটি বাতিল করতে বাধ্য হন মুরসি কিন্তু সাংবিধানিক গণভোট আয়োজনে অটল থাকেন।