সোনার বাংলা জ্বলছে, মায়ের বুকের ধন মরছে

একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এদেশের সরকারে থাকা উচ্চ মাথাওয়ালা এবং বিরোধী দলের মাথাওয়ালাদের প্রতি একান্তভাবে জানতে ইচ্ছা করছে সেই ৭১’এ আমরা কি মাতৃভূমি স্বাধীন করেছি এসব অমানুষিক দৃশ্য দেখার জন্যই? এই কি শেখ মুজিবের সোনার বাংলা? এই কি কোদাল হাতে জেনারেল জিয়ার খাল খননের স্বাধীন বাংলাদেশ? যা পাওয়ার কথা ছিল, যা দেখার কথা ছিল, ৪১ বছর পরেও তা পাইনি, তা দেখিনি। ভুলে যাবেন না এ দেশ স্বাধীন না হলে আজ কোন দলই এত বড় নেতা হতে পারতেন না, এত বড় চেয়ারের মালিক হতে পারতেন না। দয়া করে এ মাতৃভূমির প্রতি মায়ের মত আচরণ করুন। দেশটা কোন দলের বা ব্যক্তির পারিবারিক সম্পত্তি নয়। মনে রাখবেন এ দেশটা ১৬ কোটি জনতার দেশ। রাষ্টবিজ্ঞানে বলা আছে রাজনীতি অর্থ রাজারনীতি। তাই রাজার মত রাজনীতি করুন। লক্ষ বাঙালি নারী-পুরুষের শহিদের রক্তের বিনিময়ে এ দেশে স্বাধীনতা সফল হয়েছে। তাই স্বাধীন দেশে আজ আমরা পরাধীনতার মতই পরিবেশ, পরিস্থিতির মোকাবেলা হচ্ছি। আমার বলার বিষয় হল আমি বুঝতে চাই, বলতে চাই, দেশ ও জাতিকে কখন কোন রাজনৈতিক দল সরকার গঠন করে, সর্ব ক্ষমতার অধিকার গ্রহণ করে, প্রচলিত নিয়মে পাঁচ বছরের জন্য গণতন্ত্রের রূপ দিয়ে পরিচালনা করবে, সেই দলের পরিকল্পনা হতে হবে সম্পূর্ণ জনতার কল্যাণে, দেশের কল্যাণে। শুধু তাই নয় আমাদের চোখের সামনে পাসের দেশ হিসেবে সেই ভারত এত বড় জনবহুল দেশ, কত সুন্দর গণতন্ত্র চর্চা। তাদের গণতন্ত্র চর্চা দেখতে হবে, শিখতে হবে, মন-মানসিকতার মাধ্যমে তার প্রমাণ দিতে হবে। আজ দীর্ঘ চার দশকের পর অতীব দুঃখের সাথে বলতে হয় একটু তাকিয়ে দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ায়, মালয়েশিয়ার মত দেশ মাত্র ১০/১২ বছরে এতই অগ্রগামী হয়েছে যা দেখার মত, শেখার মত। নেতার মত নেতা হলে দুই-একজন নেতা হাজার নেতার কাজ করেন। তারই প্রমাণে বর্তমানে বিশ্বের সুনামধন্য, প্রশংসিত অত্যন্ত সফল রাজনীতিবিদ সেই মহান গুণীজন ডঃ তানশ্রী মাহাথির মুহাম্মদ। দীর্ঘদিনের মালয়েশিয়ার সরকার প্রধান ও প্রধান মন্ত্রী হিসেবে দেশকে বিশ্বের দরবারে উন্নয়ন শীল দেশ ও জাতির রূপকার হিসেবে রূপ দিয়েছেন। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে আরও চমক দেখিয়েছেন, তিনি নিজ ইচ্ছায় রাষ্ট্রীয় ক্ষমতা দেশের যোগ্য ব্যক্তির হাতে হস্তান্তর করে অতি সুন্দরভাবে অবসর জীবনে চলে যান। এতসব বলার একটাই উদ্দেশ্য সরকার এবং সরকারের বাহিরে যারা আছেন প্রতিহিসংসার রাজনীতি ভুলে যান। দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করুন। প্রতিহিংসা, দলীয়করণ, লুটতরাজ ঋণের নামে এদেশের জনগণের আমানতের টাকা অসত্ উপায়ে ব্যাংক ঋণের নামে লুটতরাজ আর কত? ৪১ বছর তো চলে গেছে মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই দেশ আজ ভয়াবহ অবস্থানে। অত্যন্ত ক্লান্তিলগ্নে সময় অতিবাহিত হচ্ছে। জেনে রাখুন আমাদের দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে অনেক উন্নত দেশ হাস্যকর এবং সমালোচনা করে বলেন, প্রায়ই দেখি একজন বিদেশির সঙ্গে যখন কথা হয়, তারা বলে থাকেন তোমাদের দেশে কেন এত রাজনৈতিক অশান্তি অস্থিরতা? বর্তমানে বিশ্বে Multi media sector is very fast তাই বাংলাদেশের প্রতিক্ষণে প্রতিটি ঘটনাবলি বিশ্বের সকল দেশে সহজে অবলোকন করতে পারে। আবারও বলতে চাই আর নয়, অনেক হয়েছে। আসুন আমরা সবাই মিলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। তাই একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলব, বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের জন্য এটি অত্যন্ত দুঃখ ও বেদনাজনক। দেশটাকে সোনার বাংলা গড়ে তুলতে লাগে মাত্র দশ বছর। যে যখনই সরকারে থাকুন, অবশ্যই যে কয়জন মুক্তিযোদ্ধা বেঁচে আছে তাদের মূল্যায়ন করুন। অন্য দেশের মুক্তিযোদ্ধাদের মত তাদেরকে সম্মান করুন। লেখক :বীর মুক্তিযোদ্ধা