‘আফগানিস্তানে তালেবান হামলা বেড়েছে’

চলতি বছরের শেষ পর্যায়ে আফগানিস্তানে তালেবান হামলা বেড়েছে। শীতকালীন এ সময়টিতে তালেবান হামলা বৃদ্ধি পায় বলে এ সময়টিকে আফগানিস্তানের ‘যুদ্ধের মৌসুম’ হিসাবে অভিহিত করা হয়। সোমবার আফগানিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন প্রকাশিত এক ত্রৈমাসিক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। তবে কংগ্রেসে প্রকাশিত প্রতিবেদনটিতে শহরগুলোতে সহিংসতা কমে আসার কথাও জানানো হয়েছে। আফগানিস্তানের প্রধান শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থার নাটকীয় উন্নতিতেই এটি সম্ভব হয়েছে বলে জানানো হয়। শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থার এ উন্নতির পরও তালেবানের হামলার সক্ষমতা গত বছরের মতো একই পর্যায়ে রয়ে গেছে বলেও জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি এখন সরকারি অব্যবস্থাপনা। “বিদ্রোহীদের নিরাপদ আস্তানা হলো পাকিস্তান। আফগান সরকারের সীমিত প্রাতিষ্ঠানিক ক্ষমতা ও মহামারীর মতো দুর্নীতি দেশটির দীর্ঘ সময়ের স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতি রক্ষা করার পক্ষে সবচেয়ে বড় হুমকি।” প্রতিবেদনটির বিষয়ে বলার সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, আগামী গ্রীষ্মের মধ্যেই আফগানিস্তানের নিরাপত্তার প্রধান দায়িত্ব নেয়ার জন্য আফগান সেনাবাহিনী ও পুলিশ বাহিনী প্রস্তুত হচ্ছে। প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১১ সালের তুলনায় চলতি বছরের এপ্রিল ও সেপ্টেম্বর মাসে তালেবান হামলা এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এসব হামলা মূলত গ্রামাঞ্চলেই সংঘটিত হয়েছে। আফগানিস্তানে সবচেয়ে জনবহুল পাঁচটি জেলার মধ্যে একটি ছাড়া আর সবকয়টিতেই নিরাপত্তা পরিস্থিতির “নাটকীয় উন্নতি” হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। বছরের শেষে হামলা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও বছরের শুরু থেকে এ পর্যন্ত হামলার হার আগের তুলনায় ৩ শতাংশ কমেছে বলে জানানো হয়। এই সময়ে ২০১১ সালের তুলনায় কাবুলে হামলা কমেছে ২২ শতাংশ, কান্দাহারে ৬২ শতাংশ, হেরাতে ১৩ শতাংশ এবং মাজার ই শরিফে ৮৮ শতাংশ। তবে কুন্দুজে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।