জারদারির বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা
পাকিস্তানের চিঠির জবাব
দেয়নি সুইজারল্যাণ্ড
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:১১
পাকিস্তানের প্রেসিডেন্ট আফিস আলি জারদারির বিরুদ্ধে ঘুষ নেয়ার মামলা পুনরায় শুরু করার আবেদনের এখনও জবাব দেয়নি সুইজারল্যান্ড প্রশাসন। পাকিস্তানের আইন মন্ত্রী ফারুক এইচ নাইক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে গতমাসে সুইজারল্যান্ড প্রশাসনকে চিঠি পাঠায় পাকিস্তান সরকার। সেই চিঠির জবাব এখনও আসেনি। আইন মন্ত্রী আরও বলেন, সুইজারল্যান্ডে প্রেসিডেন্টের নামে কোন মামলা নেই। শুধু আসিফ আলি জারদারির বিরুদ্ধে একটি সুইস কোম্পানিকে অন্যায়ভাবে বরাদ্দ পাইয়ে দেয়ার অভিযোগের তদন্ত চলছে। খবর বর্তমান পত্রিকার।
গত জুনে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা পুনরায় শুরু না করায় সুপ্রিম কোর্টের নির্দেশে নিজের পদ হারান প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ আলী গিলানি। পাকিস্তানের সংবিধান এবং আন্তর্জাতিক আইনে আসিফ আলি জারদারি সুরক্ষিত থাকলেও গতমাসে সুইজারল্যান্ড প্রশাসনকে পাঠানো চিঠি প্রমাণ করে যে প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত করতে প্রস্তুত পাকিস্তান সরকার।
অন্যদিকে, ২০১৩ সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করলে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির কাছে শপথগ্রহণ করবেন না বলে জানালেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান।