সাত গুণ বেশি দামে নিলাম হল গান্ধীর চিঠি

মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর লেখা একটি চিঠি প্রত্যাশার চেয়েও সাতগুণ বেশি দামে নিলামে বিক্রি হল। বুধবার লন্ডনের সদবিতে প্রায় ৪৯ হাজার ২৫০ পাউন্ড দামে ওই চিঠিটি বিক্রি হয়। ১৯২২ সালে ভারতের আহমেদাবাদের সাবরমতী জেলে থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশে তিনি ওই চিঠিটি লেখেন। —খবর এনডিটিভির মহাত্মা গান্ধীর লেখা ওই চিঠিটি এর আগে নিলামে ৫ হাজার থেকে ৭ হাজার পাউন্ডে বিক্রির জন্য দাম উঠেছিল। কিন্তু এবার সবকিছুকে পাল্টে দিয়ে শেষ পর্যন্ত তা ৪৯ হাজার ২৫০ পাউন্ডে বিক্রি হল। চিঠিতে তিনি আনন্দ প্রকাশ করে বলেন যে, তার কারাবাস এমন একটা সময়ে হল যখন তিনি তার নিজেকে পুরোপুরি প্রস্তুত বলে মনে করছেন এবং সেইসঙ্গে আনন্দও অনুভব করছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে ভারতের শান্ত থাকা খুবই তাত্পর্যপূর্ণ। কেননা এতে করে দেশটিতে শক্তি সঞ্চয় হবে। চিঠিতে তিনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে ইয়াং ইন্ডিয়া জার্নালে তার সমর্থনে একটি বার্তা পৌঁছানোর জন্য বলেন। মহাত্মা গান্ধীর লেখা আরও একটি চিঠি ওইদিন নিলাম হয়। এখানেও প্রত্যাশার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে তার চিঠি। তবে আগের চিঠির মতো উঁচু দামে সেটি বিক্রি হয়নি। চিঠিটি বিক্রি হয়েছিল ৫ হাজার ৬২৫ পাউন্ডে। ১৯২২ সালে মহাত্মা গান্ধী তার অজ্ঞাত এক বন্ধুর কাছে সমবেদনা জানিয়ে ওই চিঠিটি লিখেছিলেন।