সংবিধান প্রশ্নে না ভোট দেয়ার
আহ্বান সরকার বিরোধীদের
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:১১
মিসরের বিরোধী ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট এর সমর্থকদেরকে বিতর্কিত নতুন সংবিধান প্রশ্নে গণভোটে ‘না ভোট’ দেয়ার আহ্বান জানানো হয়েছে। দাবি পূরণ না হলে ভোট বয়কটেরও হুমকি দিয়েছে তারা। বুধবার দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট গণভোটের ব্যাপারে তাদের অবস্থান জানিয়েছে। ভোটকেন্দ্রে গিয়ে মিসরীয়দেরকে না ভোট দেয়ার আহ্বান জানিয়েছে তারা। মিসরের নেতৃস্থানীয় বিরোধী দলীয় রাজনীতিবিদ এবং আরব লিগের সাবেক প্রধান আমর মুসা রয়টার্সকে বলেছেন, “ আমরা না ভোট দেব।”ওদিকে, বিদেশে বসবাসরত মিসরীয়রা ইতিমধ্যে বুধবার থেকে সংবিধান প্রশ্নে ভোট দিতে শুরু করেছে। বিদেশে মিসরীয় দূতাবাস এবং কনস্যুলেটগুলোতে ভোট শুরুর খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা। ৫ লাখ ৮৯ হাজার অভিবাসী মিসরীয়র এ ভোট শনিবার পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে খবরে।
অনেক বিচারকই এখনো ভোট তদারকে রাজি না থাকায় মিসরে ১৫ এবং ২২ ডিসেম্বর দুইদিন গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। কায়রো এবং আলেকজান্দ্রিয়াসহ ৮ টি এলাকায় গণভোট হবে ১৫ ডিসেম্বরে। এর পরের সপ্তাহে আরো ১৭ টি এলাকায় ভোটগ্রহণ হবে বলে বিবিসি’কে জানিয়েছে মিসরের বিচার মন্ত্রণালয়ের এক সূত্র। বিদেশে মিসরীয়দের গণভোট শুরু হল অনেক আগেই। এতে করে হোঁচট খেল এ প্রক্রিয়ায় বিলম্বের আশায় থাকা সরকারবিরোধীরা। গণভোটের প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভে এখনো উত্তাল মিসর। গণভোটের পক্ষ এবং বিপক্ষের পাল্টাপাল্টি মিছিল চলছে রাজধানী কায়রোয়। কায়রো ছাড়া অ্যালেকজান্দ্রিয়া এবং আসুয়িতেও বিক্ষোভ চলছে।