পাঁচ বছর পর পশ্চিম তীরে হামাসের মিছিল সমাবেশ
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৩৬
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে দেশটির ইসলামপন্থি সংগঠন হামাস। ফিলিস্তিনের অপর রাজনৈতিক দল ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীরে ২০০৭ সালের পর এই প্রথম এ ধরনের সমাবেশ করার সুযোগ পেলো হামাস। এরফলে ফিলিস্তিনের দুই অংশের শাসক গোষ্ঠীর মধ্যে সম্পর্কোন্নয়নের আভাস পাওয়া যাচ্ছে। জর্ডান নদীর পশ্চিম তীরে নাবলুসে হামাসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে ফিলিস্তিনী জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিজয় সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেয়াতে গোটা নাবলুস শহরে উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই বিজয় সমাবেশের মাধ্যমে হামাস পশ্চিম তীরে নিজেদের ব্যাপক জনপ্রিয়তার প্রমাণ তুলে ধরেছে। বিজয় উত্সব উপলক্ষে সমবেত জনতার হাতে-হাতে ছিল হামাসের সবুজ পতাকা। অংশগ্রহণকারী অনেকের হাতে ছিল কাঠের তৈরি রকেট ও ক্ষেপণাস্ত্রের অনুকৃতি। ইসরাইলের বিরুদ্ধে হামাস ও ইসলামি জিহাদ যেসব রকেট ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সে সবের অনুকৃতি প্রদর্শন করা হয়।
পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিন কর্তৃপক্ষ ফাতাহ গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো হামাসকে শোভাযাত্রার অনুমতি দিল। এরফলে ফিলিস্তিনের দুই অংশের শাসক গোষ্ঠীর মধ্যে সম্পর্ক জোরদারের আভাস পাওয়া যাচ্ছে। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর গাজায় ক্ষমতায় আসে হামাস। এরপর থেকে ফাতাহর সঙ্গে হামাসের দ্বন্দ্ব্ব তৈরি হয়। বিশ্লেষকদের মতে, সামপ্রতিক সময়ে ফিলিস্তিনের ক্ষমতাসীন দু’পক্ষের মধ্যে উত্তেজনা কমেছে।
গতমাসে হামাস ও ইসরাইলের মধ্যে আটদিনের সংঘর্ষের পর পরিস্থিতি আরও ইতিবাচক হয়েছে। গত সপ্তাহে হামাসের প্রধান নেতা খালেদ মিশালের নেতৃত্বে গাজায় একটি শোভাযাত্রায় অংশ নেয় ফাতাহর নেতারা। ফাতাহর নেতা আমিন মকবুল ইসরাইলের সঙ্গে সংঘর্ষে হামাসের লড়াকু ভূমিকার প্রশংসা করেছেন। নাবলুসের শোভাযাত্রায় তিনি বলেন, গাজায় বিজয় ফিলিস্তিনি জনগণেরই বিজয়।