থাইল্যান্ডে ‘লাল শার্ট’ বিদ্রোহের বিচার শুরু
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৩৭
থাইল্যান্ডে ২০১০ সালের ‘লাল শার্ট’ বিদ্রোহের নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে গতকাল শুক্রবার বিচার শুরু হয়েছে। ওই ঘটনায় দেশটির তত্কালীন প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজাজিভার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার একদিন পর এ বিচার শুরু হল। এ মামলায় বর্তমান আইনপ্রণেতাসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ মামলায় দোষী প্রমাণিত হলে আসামিদের মৃত্যুদণ্ডও হতে পারে। প্রধান সাক্ষী অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার বিচার শুরু করা সম্ভব হয়নি। শুক্রবার ব্যাংকক ফৌজদারী আদালতে মাত্র একজন বিবাদী উপস্থিত ছিলেন। ২০১০ সালে লাল শার্ট বিদ্রোহের সময় ৯০ জন নিহত ও ১৯০০ ব্যক্তি আহত হয়। লাল শার্ট বিদ্রোহের প্রধান নেতা জাতুপর্ন বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, তারা শেষ পর্যন্ত আইনী লড়াই চালিয়ে যাবেন। লাল শার্ট বিদ্রোহের সময় একজন ট্যাক্সি ড্রাইভারকে হত্যার জন্য তত্কালীন প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজাজিভার বিরুদ্ধে গত বৃহস্পতিবার অভিযোগ আনা হয়। খবর এএফপির।