সিরিয়ায় চরম খাদ্যাভাব
এএফপি,আল জাজিরা ও রয়টার্স
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪১
২১ মাস ধরে চলা আন্দোলন, সশস্ত্র বিদ্রোহ ও গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। এদিকে সিরিয়া ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন হয়নি বলে জানিয়েছে রাশিয়া। ন্যাটো বলেছে, সিরিয়ার সরকারি বাহিনী তুরস্ক সীমান্তের খুব কাছে স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের কারণে সিরিয়ায় চলমান জনদুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে খাদ্যাভাব। সংঘর্ষ এবং বিমান হামলার শিকার এলাকাগুলো বিশেষত উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় এ সমস্যা প্রকট হয়ে উঠেছে। এসব এলাকায় দু’মুঠো খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে সেখানকার অধিবাসীদের। এদিকে সিরিয়ার ইস্যুতে রাশিয়ার অবস্থান পরিবর্তন হয়নি এবং কখনোই তা হবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বৃহস্পতিবার প্রথম সিরিয়া সরকারের পরাজয় ঘনিয়ে আসার কথা স্বীকার করে বলেন, সিরিয়া সরকার নিয়ন্ত্রণ হারাচ্ছে। বিদ্রোহীদের যুদ্ধজয়ের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। বোগদানভের এ মন্তব্যের পরপরই শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিরিয়া নীতি অপরিবর্তিত থাকার একথা জানানো হয়। বোগদানভের সম্প্রতি কোনো বিবৃতি বা বিশেষ কোনো সাক্ষাত্কার দেয়ার কথাও অস্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ন্যাটো জানিয়েছে, তুরস্ক সীমান্তের খুব কাছে বিদ্রোহীদের অবস্থানে সিরিয়ার সরকারি বাহিনী স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তুর্কি সীমান্তের কাছে কেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হচ্ছে তার ব্যাখ্যা দিতে ন্যাটোর একজন জ্যেষ্ঠ সামরিক কমকর্তা এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের অ্যাডমিরাল এবং ন্যাটোর জ্যেষ্ঠ কমকর্তা জেমস স্টাভ্রিডিস শুক্রবার নিশ্চিত করেন, তুর্কি সীমান্তের খুবই কাছে স্কাড ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে।