মানুষের আয়ু বেড়েছে, সঙ্গে রোগও
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪১
বিশ্বের বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক রোগের প্রতিষেধক আবিষ্কৃত হওয়ায় মানুষের আয়ু বেড়েছে। এতে বেশিদিন বাঁচলেও মানুষের প্রতিদিনের সঙ্গী হচ্ছে রোগযন্ত্রণা ও শারীরিক অক্ষমতাসহ অন্যান্য মানসিক অশান্তি। একে এক ধরনের ‘বিধ্বংসী বিদ্রুপ’ বলে অভিহিত করেছেন গবেষকরা। দীর্ঘ পাঁচ বছর ধরে বিশ্বে স্বাস্থ্য পরিস্থিতি এবং চিকিত্সাশাস্ত্র ও ওষুধের ইতিহাস পর্যবেক্ষণ করে স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানচেটে প্রকাশিত একটি সামগ্রিক মূল্যায়নমূলক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষণায় দেখা যায়, ক্রমেই বাড়তে থাকা অসুস্থ ও আহত ব্যক্তিদের চিকিত্সা ও পরিচর্যার পিছনে বিশ্বের দেশগুলোর আর্থিক ও সামাজিক ব্যয়ও ক্রমে বেড়ে চলেছে। এতে আরো দেখা যায়, রোগ ও মৃত্যুর কারণ হিসেবে অপুষ্টির অবস্থান অনেক নিচে নেমে গেছে। বরং অতিরিক্ত খাদ্যগ্রহণ রোগের কারণ হিসেবে শীর্ষে অবস্থান করছে। রোগ ও মৃত্যুর কারণের মধ্যে ক্ষুধায় শিশু মৃত্যুকে তৃতীয় অবস্থানে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ধূমপান ও মদ্যপান। গবেষণায় বলা হয়, ২০১০ সালে অতিরিক্ত শারীরিক ওজনের কারণে মারা গেছেন ৩০ লাখেরও বেশি মানুষ।