নাইজেরিয়ায় কপ্টার দুর্ঘটনায় গভর্নর নিহত

নাইজেরিয়ার কাদুনা প্রদেশের গভর্নর প্যাট্রিক ইবরাহীম ইয়াকোওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তেলসমৃদ্ধ বায়েলসা প্রদেশে শনিবার এই ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনায় নাইজেরিয়ার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জেনারেল ওয়োয়ি আজাজিসহ আরো চারজন নিহত হয়েছেন। নাইজেরিয়ার নৌবাহিনী জানিয়েছে, তাদের একটি আগুস্তা হেলিকপ্টার হারকোর্ট বন্দরের উদ্দেশ্যে সম্মানিত ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়েছে। তবে এর কারণ সম্পর্কে তারা কিছু জানায়নি। বেসামরিক কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো ধারণা জানাতে অপারগতা প্রকাশ করেছে। দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্টের দেয়া এক বিবৃতিতে এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের স্বজনদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। প্রসঙ্গত, গত বছর ইয়াকোয়া কাদুনা প্রদেশের গভর্নর নির্বাচিত হন ইবরাহীম। তিনিই ওই প্রদেশের প্রথম খ্রিস্টান গভর্নর। আফ্রিকার অন্য অনেক দেশের মতোই নাইজেরিয়ার আকাশ পরিবহনের নিরাপত্তা খুবই দুর্বল। চলতি বছরের মার্চে দেশটির ডেপুটি পুলিশ প্রধানসহ আরো তিনজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। জুনে নাইজেরিয়ার লাগোসে এক বিমান দুর্ঘটনায় ১৬৩ জন নিহত হয়।