গ্রিসে নৌকাডুবিতে ২০ জন নিহত নিখোঁজ ৭
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
গ্রিসের পূর্বাঞ্চলীয় লেসভস দ্বীপের কাছাকাছি শনিবার সকালে এক নৌকাডুবিতে ২০জন নিহত হয়েছে। নৌকার আরোহীরা ইরাক থেকে অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ। তরিস্ক উপকূল থেকে ২৭জন অভিবাসী নিয়ে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু লেসভস উপকূলের এক মাইল দূরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায় বলে বেঁচে যাওয়া এক আরোহী জানিয়েছেন।
গ্রিসে নিয়ে যাওয়ার জন্য মাঝিকে তারা জনপ্রতি প্রায় ২ হাজার ডলার দেয় বলে জানিয়েছেন একজন গ্রিক পুলিশ কর্মকর্তা। তিনি আরো জানিয়েছেন, ২০টি মৃতদেহ উদ্ধারের পর আর কেউ বেঁচে আছে কিনা তার খোঁজ করছে গ্রিসের উপকূল রক্ষীবাহিনী। প্রতি বছর জল ও স্থল সীমান্ত দিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসী গ্রিসে প্রবেশ করে। এদের বেশিরভাগই তুর্কি হয়ে গ্রিসে যায়। পাঁচ বছর ধরে তীব্র অর্থনৈতিক মন্দায় রয়েছে গ্রিস এবং দেশটিতে অপরাধের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে।