আলেপ্পোয় সেনা স্কুল বিদ্রোহীদের দখলে

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর বাইরে একটি সেনা স্কুল নিজেদের দখল নেয়ার দাবি জানিয়েছে বিদ্রোহীরা। গত বিশদিনেরও বেশি সময় ধরে তুমুল সংঘর্ষের পর শনিবার সরকারি বাহিনী ঐ সেনা স্কুলটির নিয়ন্ত্রণ হারিয়েছে। আলেপ্পো নগরী এবং উত্তরাঞ্চলীয় শহরতলীকে সংযুক্ত করা প্রধান সড়কের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূণ এমসালামিয়াহ শহরে স্কুলটি অবস্থিত। জানা গেছে, আলেপ্পোর কেন্দ্রস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তিন বর্গকিলোমিটার জুড়ে সেনাবাহিনীর ঐ স্কুল ক্যাম্পাস। এটি দখলের পর একজন বিরোধী আন্দোলনকর্মী বলেন, সেনা স্কুলটি ছিল বর্তমান সরকারের একটি সামরিক ঘাঁটি। প্রসঙ্গত, গত কয়েক মাসে বিদ্রোহীরা দেশজুড়ে বেশ কিছু সামরিক স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। শনিবার সেনা স্কুলটির পতনের পাশাপাশি আলেপ্পোর জাহারা জেলায় বিমান বাহিনীর গোয়েন্দা শাখার দপ্তর এবং মিংহ শহরে সামরিক বিমান ঘাঁটির চারদিকে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।