ম্যান্ডেলার অস্ত্রোপচার সম্পন্ন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১২, ২১:৩২
পিত্তথলির পাথর সরাতে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং ম্যান্ডেলা সুস্থ হয়ে উঠছেন বলে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে। গত শনিবার ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, শনিবার সকালে সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলার অস্ত্রোপচার হয়েছে। পিত্তথলির পাথর বের করার এ অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ৯৪ বছর বয়সি নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বর্ণবাদ ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামকারী এ নেতা জীবনের ২৭ বছর কারারুদ্ধ অবস্থায় কাটিয়েছেন।
১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর ১৯৯৪ সালে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে এক ঐতিহাসিক নির্বাচনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই নির্বাচনের মধ্যদিয়েই দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের শাসন শেষ হয়। ১৯৯৯ সালে রাজনীতি থেকে অবসর নেন নেলসন ম্যান্ডেলা।
২০১১ সালে শ্বাসকষ্টজনিত কারণে এবং এ বছরের ফেব্রুয়ারিতের তলপেটের ব্যাথায় আক্রান্ত হয়ে জোহানেসবার্গে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই সময় স্বাস্থ্যপরীক্ষায় কোনো গুরুতর সমস্যা ধরা না পড়ায় কয়েকদিন হাসপাতালে থেকে বাড়ি ফিরে যান তিনি।