পাকিস্তানের চেয়ে চীন-ভারত সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১২, ২০:১৯
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার সাথে এক সাক্ষাত্কারে বলেছেন- আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাকিস্তানের চেয়ে চীন ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ। দু’দেশের সম্পর্ক পুরো অঞ্চলের ওপর প্রভাব ফেলে। ভূখণ্ড নিয়ে চীনের সাথে বিবাদ না পাকিস্তানের সাথে পারস্পরিক আস্থাহীনতা কোনটি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ—প্রশ্নের জবাবে সালমান খুরশিদ একথা বলেন। তিনি বলেন- চীন অবশ্যই বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিচারে ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এশিয়া, আফ্রিকা সর্বত্রই চীনের সাথে অংশীদারিত্ব ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
জাতিসংঘে ভারত যে ভূমিকা পালন করতে চায় সেখানেও চীনের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ। পাকিস্তান ও চীনের পারস্পরিক বন্ধন রয়েছে কিন্তু সেদিকটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সীমান্তবর্তী এলাকা প্রসঙ্গে চীনের উস্কানির ব্যাপারে সালমান খুরশিদ বলেন- আমরা এই সমস্যা মোকাবেলা করতে শিখেছি। আমরা তাদের সাথে কোন বিরোধ চাই না। ভারত চীনকে মিলে-মিশে সামনের দিকে এগিয়ে যেতে হবে।