রিকেট রোগের ঝুঁকি কমাতে
পারে স্বল্পমূল্যের ভিটামিন ডি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:০৯
স্বল্পমূল্যের ভিটামিন ডি গ্রহণ করলে রিকেটস রোগের ঝুঁকি কমে স্বাস্থ্যের উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সামপ্রতিক সময়ে যুক্তরাজ্যের প্রায় ২৫ শতাংশ শিশু ভিটামিন ডি’র অভাবে ভুগছে বলে জানিয়েছে দ্য রয়েল কলেজ অব পিডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ (আরসিপিসিএইচ)। এর ফলে রিকেট রোগের হারও বৃদ্ধি পাচ্ছে বলে জানায় সংস্থাটি। যুক্তরাজ্যের শ্বেতাঙ্গদের মধ্যে অন্তত ৫০ শতাংশ এবং আফ্রিকান ও এশিয়ানদের মধ্যে ৯০ শতাংশই ভিটামিন ডি’র অভাবে ভুগছে বলে জানিয়েছে বিবিসি।
১৯৯৬ সালে যুক্তরাজ্যে রিকেটস রোগীর সংখ্যা ছিল ৮৩ জন, ২০১১ সালে এ রোগীর সংখ্যা এসে দাঁড়ায় ৭৬২ জনে। খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তনের মাধ্যমে শরীরে ভিটামিন ডি’র অভাব কিছুটা পূরণ করা সম্ভব হলেও তা সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শরীরে ভিটামিন ডি’র অভাবে রিকেটস রোগ দেখা দেয়। এ রোগ হলে মানুষের শরীরের হাড়গুলো নরম হয়ে বিকৃত হয়ে যায়। এর প্রাথমিক লক্ষণগুলো হলো শরীরে পেশি ও হাড়ে ব্যথা এবং কবজি ও পাজরের হাড়ের কাছাকাছি ফুলে যাওয়া। এছাড়া ভিটামিন ডি’র অভাবের সঙ্গে ডায়বেটিস, যক্ষা, মাল্টিপল স্কেলোরোসিসের মতো রোগগুলোরও সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।