চাঁদে ধ্বংস হল নাসার উপগ্রহ
কেপ ক্যানাভেরাল (ফ্লোরিডা) থেকে রয়টার্স
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২০:১০
নাসার দুটি মহাকাশযান চাঁদের পাহাড়ে আছড়ে পড়ে নিজেদের ধ্বংস করেছে। চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরি করার উদ্দেশ্যে মহাকাশযান দুটি চাঁদে পাঠানো হয়েছিল। মহাকর্ষ মানচিত্র তৈরির কাজ শেষে পরিকল্পনা মাফিক সোমবার মহাকাশযান দুটি ধ্বংস করা হয়েছে। সৌরজগত কিভাবে গঠিত হয়েছিল সেই রহস্যে আলো ফেলার জন্যই এই মহাকর্ষ মানচিত্র তৈরির আয়োজন করেছে নাসা।
মহাকাশযান দুটি মহাকর্ষ শনাক্তকারী চলন্ত গবেষণাগার হিসেবে কাজ করেছে। আয়তনে ওয়াশিং মেশিনের সমান এই যানদুটি গত এক বছর ধরে চাঁদের চারপাশে ঘুরপাক খেয়ে চাঁদের নিখুঁত মহাকর্ষ মানচিত্র তৈরিতে বিজ্ঞানীদের সহায়তা করে। চাঁদের যে সব জায়গায় মহাকর্ষ বেশি শক্তিশালী সেইসব এলাকায় ওপর দিয়ে মহাকাশযান দুটি তাদের গতি বাড়িয়ে চলাফেরা করেছে, আর যেসব এলাকার মহাকর্ষ কম শক্তিশালী সেখানে গতি কমিয়ে দিয়েছে। দুটি মহাকাশযানের অবস্থানের দূরত্ব পরিমাপ করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, চাঁদের উপরিতলের পুরুত্ব যা আশা করা হয়েছিল তার চেয়ে কম। এতে চাঁদের বুকে কিছু আছড়ে পড়লে যে উপরে যে ক্ষত তৈরি হয় ভিতরে তারচেয়ে বেশি হয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এক বছরের অভিযান শেষে মহাকাশযান দুটির জ্বালানী ফুরিয়ে আসছিল।