গলা কেটে হত্যা করা
হয়েছিলো তৃতীয়
রামেসিসকে
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:৪৯
মিসরের ‘ফারাও’ তৃতীয় রামেসিসের মৃত্যু কারণ নিয়ে এতোদিন ধোঁয়াশা থাকলেও ‘গলা কেটেই’ তাকে হত্যা করা হয়েছিলো বলে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণা।
তৃতীয় রামেসিস হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলো তার স্ত্রী ও ছেলে। সিংহাসন দখলের উদ্দেশ্যে হত্যাকারী নিয়োগ করে এটি ঘটানো হয়। সম্প্রতি তৃতীয় রামেসিসের মমিকৃত দেহটি সিটি স্ক্যান করা হলে এর গলার ব্যান্ডেজের ভেতরে লুকানো একটি গভীর ও চওড়া কাটা দাগের অস্তিত্ব পাওয়া যায়।
ইটালির ইনস্টিটিউট অব মমিস অ্যান্ড দ্য আইসম্যান পরিচালিত এ অনুসন্ধানে এটি বেরিয়ে আসে বলে মঙ্গলবার জানিয়েছেন গবেষকরা। এ প্রতিষ্ঠানের প্রাচীন রোগ-ব্যাধি বিষয়ক বিশেষজ্ঞ অ্যালবার্ট জিঙ্ক বলেন, ‘এ অনুসন্ধানের মধ্য দিয়ে অবশেষে প্রাচীন মিসরের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রহস্যের সমাধান করতে সক্ষম হয়েছি আমরা।’