আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ প্রস্তাবে
বারাক ওবামার সমর্থন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:৪৯
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে গত শুক্রবারের স্কুল হত্যাকাণ্ডের পর প্রেসিডেন্ট বারাক ওবামা এখন দেশটিতে আগ্নেয়াস্ত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছেন। হোয়াইট হাউস এ খবর জানায়।
হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়, মারণাস্ত্র হিসাবে পরিচিত সবধরনের অস্ত্রের ওপর নিয়ন্ত্রণ আরোপের উদ্দেশ্যে ডেমোক্র্যাট দলের একজন জ্যেষ্ঠ সিনেটর যে আইন প্রস্তাব করেছেন, তার প্রতি প্রেসিডেন্ট ওবামার সমর্থন রয়েছে। ১৯৯৪ সালে একবার এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। তবে পরে সেটি আবার তুলে নেয়া হয়। রবিবার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নিউটাউন ট্র্যাজেডির মতো কোন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য তার পক্ষে যতটা সম্ভব তা তিনি করবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ডেমোক্র্যাট দলের সিনেটর ডায়ান ফাইনস্টাইনের প্রস্তাবিত একটি আইনে প্রেসিডেন্ট ওবামা সমর্থন দেবেন। ওবামা এ বছর তার নির্বাচনী প্রচারণায়ও পরোক্ষভাবে এ ধরনের ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন। তার বিজয়ের পর, আগ্নেয়াস্ত্রের প্রতি আগ্রহী আমেরিকানরা প্রচুর পরিমাণে অস্ত্র কিনে এর জবাব দিয়েছিল।
আর গত শুক্রবারের হামলার পর থেকে অস্ত্র ও গুলি বিক্রির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। সেদিনের হামলায় অ্যাডাম লেনজা নামের একজন বন্দুকধারীর গুলিতে ২০ শিশু এবং ৮ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়।