‘অসুস্থতার ভান’ করেছেন হিলারি :জন বল্টন

বেনগাজির মার্কিন কনস্যুলেটে ১১ সেপ্টেম্বরে হামলার ঘটনার সাক্ষ্য এড়াতে ‘অসুস্থতার ভান’ করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এমনই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের সাবেক জাতিসংঘ দূত জন বল্টন। ইতিমধ্যেই মঙ্গলবার প্রকাশিত এক সরকারি তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, বেনগাজির কনসু্যুলেটে নিরাপত্তা ব্যবস্থা একেবারেই পর্যাপ্ত ছিল না। —খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, নেতৃত্ব এবং ব্যবস্থাপনার অভাবের কারণেই বেনগাজির হামলায় নিহত হন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ আরো তিনজন কর্মকর্তা। ফলে এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে। এ পরিস্থিতিতেই ওই হামলার ঘটনা নিয়ে এ সপ্তাহে সাক্ষ্য দেয়ার জন্য বৃহস্পতিবার বেনগাজি সফরের কথা রয়েছে হিলারির। কিন্তু পাকস্থলিতে ভাইরাস আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার কারণে বেনগাজি সফর বাতিল করেছেন তিনি। আর একেই হিলারির অসুস্থতার ভান বলে মন্তব্য করেছেন বল্টন। এ সম্পর্কে ফক্স নিউজে তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা এই ‘কূটনৈতিক অসুস্থতা’র সঙ্গে পরিচিত। তারা কোন অনুষ্ঠানে বা বৈঠকে যেতে না চাইলে এ অসুস্থতায় আক্রান্ত হন।