চিকিত্সার জন্য ইরাকি প্রেসিডেন্ট জার্মানিতে

উন্নত চিকিত্সার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানিকে জার্মানিতে নেয়া হয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইদো ওয়েস্টারলি বলেছেন, ইরাকের প্রেসিডেন্ট তালাবানি সুস্থ আছেন। ইরাকের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদ ওথমান এ কথা স্বীকার করেছেন। তবে জার্মানিতে স্থানান্তরের আগ পর্যন্ত তালাবানির শারীরিক অবস্থা সম্পর্কে তেমন একটা তথ্য জানায়নি সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার রাতে হঠাত্ করে অসুস্থ হয়ে পড়লে তালাবানীকে হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, তিনি স্ট্রোক করেছেন। তালাবানীর দফতরের এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে এবং তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। ইরাকের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের পদ খালি হলে ভাইস প্রেসিডেন্ট তার স্থলাভিষিক্ত হন এবং ৩০ দিনের মধ্যে পার্লামেন্টকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়।