মিসরে মুসলিম ব্রাদার হুডের গণসমাবেশ

মিসরের আলেকজান্দ্রিয়া শহরে শুক্রবার এক গণপ্রতিবাদ সমাবেশ করেছে দেশটির ইসলামপন্থি গোষ্ঠি মুসলিম ব্রাদারহুড। দ্বিতীয় পর্বের গণভোটের প্রাক্কালে ব্রাদারহুডের এই সমাবেশের দরুন উত্তেজনা আরো বেড়েছে। আজ শনিবার মিসরের সংবিধানের ওপর দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ করা হবে। এর আগের শুক্রবার মিসরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় ইসলামপন্থিদের সঙ্গে সরকারবিরোধী উদারপন্থি, ধর্মনিরপেক্ষ দলগুলোর সহিংস সংঘাতের ঘটনা ঘটে। ওই সময় জুমার নামাজের খুতবায় সংবিধানের পক্ষে বক্তব্য দেয়ার জন্য এক মসজিদের ইমামকে ১৪ ঘন্টা অবরোধ করে রাখে বিরোধীদলগুলোর কর্মীরা। সংঘর্ষে বিরোধী দু’পক্ষ লাঠি, ছুরি ও তলোয়ার ব্যবহার করে। ওই ঘটনার প্রতিবাদেই আলেকজান্দ্রিয়ায় এই গণসমাবেশের ডাক দেয় ব্রাদারহুড। মিসরে ইসলামপন্থিদের প্রস্তাবিত সংবিধান নিয়ে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছে। প্রেসিডেন্ট মোহামেদ মুরসি ও তার সমর্থক ইসলামী দলগুলো দাবি করছে, প্রস্তাবিত সংবিধান মিসরের গণতান্ত্রিক উত্তরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু বিরোধী পক্ষগুলোর দাবি, প্রস্তাবিত সংবিধান অতিরিক্ত ইসলাম নির্ভর ও এতে মুসলিম ব্রাদারহুডের দৃষ্টিভঙ্গী প্রতিফলিত হয়েছে। সংবিধান নিয়ে প্রেসিডেন্ট মুরসির আহূত গণভোটের প্রথম পর্বে (১৫ ডিসেম্বর) সংবিধানের পক্ষে ৫৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় পর্বের ভোটেও সংবিধানপন্থিদের জয় হবে বলেই ধারণা করা হচ্ছে।