সোমালিয়া উপকূলে নৌকাডুবি, ৫৫ জনের প্রাণহানি

এডেন উপসাগরের সোমালিয়ার উপকূলে এক নৌকাডুবিতে অন্তত ৫৫ জন মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার উত্তর-পূর্ব সোমালিয়ার বোসাসো বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দুর্ঘটনায় পড়ে বলেই উএনএইচসিআর’র বরাতে জানিয়েছে বিবিসি অনলাইন। ধারণা করা হচ্ছে, ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হওয়া সোমালি ও ইথিওপিয় শরণার্থীতে নৌকাটি পূর্ণ ছিল। জাতিসংঘ জানিয়েছে, ২০১১ সালের ফেব্রুয়ারির নৌকাডুবিতে ৫৭ জন সোমালি শরণার্থী মারা যাওয়ার পর এটাই এডেন সাগরে ঘটা সবচেয়ে বড় দুর্ঘটনা। ইউএনএইচসিআর বলেছে “এ পর্যন্ত ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরো ৩২ জন যাত্রী ডুবে মারা গেছে বলে মনে করা হচ্ছে।” নৌকাটির পাঁচজন যাত্রী নিজেদের রক্ষা করতে পেরেছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। সোমালিয়ায় নিযুক্ত ইউএনএইচসিআর এর প্রতিনিধি ব্রুনো গেড্ডে বলেন, “সোমালিয়ার মারামারি, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থেকে বাঁচতে পলায়নপর মানুষের জন্য এডেন উপসাগরের জলপথটি নিঃসন্দেহে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথে পরিণত হয়েছে।” প্রতি বছর আফ্রিকার শিং নামে পরিচিত এই এলাকাটি থেকে হাজার হাজার মানুষ এডেন উপসাগর পাড়ি দিয়ে অপর পাশের দেশগুলোতে পাড়ি জমায়।