মালয়েশিয়ার উপকূলে নৌকা ডুবি, ১০ ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের অদূরে এক নৌকাডুবিতে দুই অন্তঃসত্ত্বা নারীসহ ইন্দোনেশিয়ার দশ অবৈধ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার নৌ-পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মুহি এএফপিকে বলেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে পাঁচ পুরুষ ও পাঁচ নারীর মৃতদেহ এবং কাঠের নৌকাটি তীরে ভেসে ওঠে। তিনি আরো বলেন, দলটি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহোর থেকে অবৈধভাবে ইন্দোনেশিয়া ফিরে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত নৌকাটিতে ৩৫ আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। মুহি বলেন, ‘আমরা পাঁচ জন পুরুষ ও পাঁচ নারীর মৃতদেহ পেয়েছি। তারা সকলেই ইন্দোনেশিয়ার নাগরিক। তারা তাদের ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।’ মালয়েশিয়ার প্রায় ২০ লাখ অভিবাসী বাস করে।