ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় সরোয়ার বিশ্বাস ( ৫৫ ) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহত সরোয়ার বিশ্বাস শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মসলেম বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার এস আই অমিত কুমার দাস জানান, নিহত সরোয়ার বিশ্বাস বাইসাইকেলে করে কাপড় ফেরি করে বিক্রি করতেন। সোমবার সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী নিউ সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনার পর প্রতিবাদ জানাতে এলাকাবাসী আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে শৈলকুপা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
ইত্তেফাক/এএম