দ. সুদানে জাতিসংঘের কপ্টার গুলি করে ভূপাতিত, নিহত ৪
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৩
দক্ষিণ সুদানের বিদ্রোহকবলিত রাজ্য জঙ্গলিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি হেলিকপ্টার সেনাবাহিনীর গুলিতে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের চার রুশ পাইলট নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘ ও দক্ষিণ সুদান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। জাতিসংঘের ‘স্পষ্ট চিহ্নের’ হেলিকপ্টারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব বান কি মুন। এক বিবৃতিতে ঘটনার আশু তদন্ত দাবি করে দায়ীদের কাছে ব্যাখ্যা চাওয়ার জন্য সুদান সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি। দক্ষিণ সুদানে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।
জাতিসংঘ হেলিকপ্টার গুলি করে বিধ্বস্ত করার কথা দক্ষিণ সুদান সেনাবাহিনী প্রথমে অস্বীকার করে। কিন্তু পরে জাতিসংঘ হেলিকপ্টারে ‘ভুলবশত’ গুলি চালানোর কথা স্বীকার করে তারা। সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অ্যাগুয়েরো বলেছেন, ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা সাদা একটি হেলিকপ্টারকে বিদ্রোহী এলাকায় অবতরণ করতে দেখি। আমরা ভেবেছিলাম বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করতে শত্রুপক্ষ হেলিকপ্টারটি ব্যবহার করছে।