নরেন্দ্র মোদি কি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী?
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:১৫
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদি তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন। মোট ১৮৮ আসনের মধ্যে বিজেপি প্রার্থীরা ১১৮টি আসন দখল করেছেন এবং বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৬০টি আসন। এই বিজয়ের মধ্য দিয়ে আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে মোদির দলীয় মনোনয়ন পাওয়ার পথ এখন আরও প্রশস্ত হলো বলেই মনে করা হচ্ছে। গুজরাটে ২০০২ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পর সে সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভূমিকার জন্য তীব্রভাবে সমালোচিত হন। এমনকি যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মতো দেশ তার সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলেছে। কিন্তু গুজরাটে মোদির দলের এই বিরাট বিজয় তাকে আবার জাতীয় রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনলো বলে মনে করা হচ্ছে।
বিজেপির অনেকে চাইছেন যে, তিনি আর শুধু রাজ্যস্তরে আটকে না থেকে জাতীয় স্তরে দলকে নেতৃত্ব দিন। পশ্চিমবঙ্গের বিজেপির অন্যতম শীর্ষ নেতা শমীক ভট্টাচার্য অবশ্য বললেন, ‘নরেন্দ্র মোদি ছাড়াও দলে আরও অনেকে প্রধানমন্ত্রী হতে পারেন। দল কাকে প্রধানমন্ত্রী করবে সেটা দলই ঠিক করবে। তবে তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে দলের সদস্যরা বাড়তি উত্সাহ তো পাবেই। কারণ বিজেপি-র গায়ে দাঙ্গার তকমার যে মিথ্যাচার করে লাগানো হয়েছে তার বিরুদ্ধে মোদী যেমন লড়েছেন, তেমনই সেই লড়াইটা প্রতিটা বিজেপি কর্মীকেই লড়তে হয়।’
গুজরাটের অর্থনৈতিক উন্নয়নে নরেন্দ্র মোদি যে ভূমিকা রেখেছেন, সেটা তাকে এই নির্বাচনে জিততে বিরাট সাহায্য করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটের ফলাফল বিশ্লেষণ করে স্থানীয় সাংবাদিক সতীশ মোরি বলেন, এমনকি গুজরাটের মুসলিমরাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। নরেন্দ্র মোদি গত কয়েকবছরে মুসলমানদের সঙ্গে একটা সখ্য তৈরি করার চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু ভোটের সময়ে কোনও মুসলমান প্রার্থীকে টিকিট দেননি। কিন্তু অনেক মুসলমান প্রধান এলাকার ভোটের ফলে দেখা যাচ্ছে যে, কংগ্রেস সেখানে যে মুসলমানদের দাঁড় করিয়েছিল তারা খুব বাজেভাবে হেরেছেন।
মুসলমানরা কেন সেই নরেন্দ্র মোদির দলকে ভোট দিচ্ছেন যার বিরুদ্ধে দশ বছর আগের গোধরা পরবর্তী ধর্মীয় দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে? আহমেদাবাদের এক মুসলিম নেতা জে ভি মোমিন বললেন, ‘গুজরাটের মুসলমানরা আসলে দুটো জিনিস দেখেছেন, এক হল-নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকলে দাঙ্গা হয় না এখানে। আর দুই, মুসলমান ব্যবসায়ীরা আসলে দাঙ্গা-হাঙ্গামা চান না... যেটা ব্যবসায় বড় ক্ষতি করে। তাই নরেন্দ্র মোদিকে ক্ষমতায় রেখে যদি শান্তি পাওয়া যায় ক্ষতি কি?’
কিন্তু মি মোদি যদি জাতীয় স্তরে রাজনীতি করতে শুরু করেন, তাহলে কি গুজরাটের বাইরের মুসলমানরা তাকে একইভাবে মেনে নেবেন? বিশ্লেষকরা বলছেন, সেই আশা কম। কারণ গুজরাটের বাইরের প্রদেশগুলিতে মুসলমান ভোটাররা এখনও নরেন্দ্র মোদি আর গুজরাট দাঙ্গাকে সমার্থক বলে মনে করেন। ধর্মনিরপেক্ষ মানুষরাও মোদিকে একই চোখে দেখেন। এদের কাছে নরেন্দ্র মোদিকে যদি বিজেপি হাজির করে, তা কখনোই পূর্ণ সমর্থন পাবে না বলেই ধারণা বিশ্লেষকদের।
-সূত্র বিবিসি