বিশ্ব অর্থনীতির চালকের আসনে এশিয়া
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১২, ২১:১৬
যুক্তরাষ্ট্র নয়, ইউরোপও নয়, কিংবা ল্যাটিন আমেরিকাও নয়। অর্থনীতির দ্রুত বর্ধনশীল অঞ্চল আফ্রিকাও নয়। ২০১৩ সালের বিশ্ব অর্থনীতির চালকের আসনে থাকবে এশিয়া অঞ্চল। প্রবৃদ্ধির দিক থেকে পৃথিবীর যে কোন অঞ্চল থেকে সেরা থাকবে এশিয়া। প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্ট ‘দ্যা ওয়ার্ল্ড ইন ২০১৩’-শীর্ষক যে বিশেষ সাময়িকী বের করেছে তাতে এ তথ্য উঠে এসেছে।
সাময়িকীটির ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালে এশিয়ার জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক চার শতাংশ। অবশ্য এ হিসাব থেকে জাপানকে বাদ দেয়া হয়েছে। এ সময় জাপানের প্রবৃদ্ধি ধরা হয়েছে মাত্র এক দশমিক দুই শতাংশ। প্রবৃদ্ধির দিক থেকে এশিয়ার পরে রয়েছে সাব সাহারান আফ্রিকার দেশগুলো। এসব দেশের গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে চার দশমিক আট শতাংশ। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর প্রবৃদ্ধি ধরা হয়েছে তিন দশমিক আট শতাংশ। ল্যাটিন আমেরিকার দেশগুলোর ২০১৩ সালের প্রবৃদ্ধি দাঁড়াবে তিন দশমিক নয় শতাংশ। এছাড়া এ সময় পূর্ব ইউরোপের দেশগুলো দুই দশমিক নয় শতাংশ, পশ্চিম ইউরোপের দেশগুলো শূন্য দশমিক তিন শতাংশ এবং উত্তর আমেরিকার দেশেগুলো দুই দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে ইকোনমিস্ট প্রাক্কলন করেছে। উপরে দেয়া হলো অঞ্চলভিত্তিক হিসাব। কিন্তু ২০১৩ সালে কোন্ ১০টি দেশ সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে। এর হিসাবও বের করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। ২০১৩ সালে ১৮ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে তালিকার শীর্ষে থকেবে মঙ্গোলিয়া। দ্বিতীয়-ম্যাকাও(সাড়ে ১৩ শতাংশ), তৃতীয়- লিবিয়া(১২ দশমিক ২ শতাংশ), চতুর্থ-চীন (৮ দশমিক ৬ শতাংশ), পঞ্চম-ভুটান(সাড়ে আট শতাংশ), ষষ্ঠ-তিমুর(আট দশমিক তিন শতাংশ), সপ্তম অবস্থান যৌথভাবে-ইরাক ও মোজাম্বিক(আট দশমিক দুই শতাংশ), নবম-রুয়ান্ডা-(সাত দশমিক আট শতাংশ), দশম -ঘানা(সাত দশমিক ৬ শতাংশ)।
ইকোনমিস্ট বলছে, শীর্ষ প্রবৃদ্ধি অর্জনের তালিকায় অর্থনীতির জায়ান্ট চীন না থাকলেও ২০১৩ সালের জন্য দেশটিকে খাটো করে দেখার উপায় নেই। সামনের বছরটিতে দেশটির সম্পদের তালিকায় যোগ হবে এক দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার। এ সম্পদ যুক্তরাষ্ট্রের এক বছরের দ্বিগুণ, আর ভারতের তিনগুণ, ব্রাজিলের ১০ গুণেরও বেশি। লিবিয়া এবং ইরাক সম্পর্কে ইকোনমিস্ট-এর প্রতিবেদনে প্রশংসা করে বলা হয়েছে, যুদ্ধবিগ্রহ শেষে দেশ দুটি স্থিতিশীলতার দিকে যাচ্ছে। শান্তি বজায় থাকলে প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে ভালো অবস্থানে থাকবে দেশ দুটি। মঙ্গোলিয়া এবং ভুটানের প্রাকৃতিক সম্পদ দেশ দুটির উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। উচ্চ প্রবৃদ্ধির তালিকায় থাকা আফ্রিকার দেশগুলো সম্পর্কে বলা হয়েছে, ক্রমবর্ধমান ভোক্তাশ্রেণী এ দেশগুলোর প্রবৃদ্ধিকে টেনে নিয়ে যাবে। আর ম্যাকাও এর বিশাল জুয়ার বাজার সেখানকার প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক ধনী ব্যক্তি সেখানে গিয়ে অর্থ ঢালছেন। গত কয়েক বছরের চীনের উন্নতির সাথে সাথে তাল মিলিয়ে ম্যাকাও-এর উন্নতি হচ্ছে। সামনের বছরেও এ ধারা অব্যাহত থাকবে।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী, চার শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে ২০১৩ সালে ইউরোপের দেশগুলোর মধ্যে শীর্ষে থাকবে তুরস্ক। ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে দ্বিতীয় অবস্থানে থাকবে রাশিয়া। এর পরের অবস্থান যথাক্রমে ইউক্রেন, এস্তানিয়া, লিথুনিয়ার। এছাড়া ইউরোপীয় অঞ্চলে এ সময় কিছু দেশের নেতিবাচক জিডিপি প্রবৃদ্ধিও হবে। এ দেশগুলো হচ্ছে-গ্রীস, ইটালি, পর্তুগাল, স্পেন।
এশিয়ার মধ্যে ২০১৩ সালে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে শ্রীলংকার। ইকোনমিস্ট বলছে এ সময় শ্রীলংকার প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয় অবস্থানে-উজবেকিস্তান (৬ দশমিক ৭ শতাংশ), তৃতীয়- ভারত এবং আফগানিস্তান (সাড়ে ৫ শতাংশ)। এছাড়া ৬ শতাংশের ওপর প্রবৃদ্ধি করবে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনাম। নেতিবাচক প্রবৃদ্ধির তালিকায় এশিয়ার কোন্ দেশ নেই।
উত্তর আমেরিকার দেশগুলোতে মেক্সিকোর সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে। এ হার ৩ দশমিক ৭ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্র ২ দশমিক এক শতাংশ এবং কানাডার প্রবৃদ্ধি হবে এক দশমিক ৯ শতাংশ। ল্যাটিন আমেরিকায়-৬ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সর্বোচ্চ অবস্থানে আছে পেরু। এছাড়া এ সময়ে ব্রাজিল-৪ দশমিক ২ শতাংশ, বলিভিয়া ও চিলি- ৪ দশমিক ৭ শতাংশ, আর্জেন্টিনা-২ দশমিক ৬ শতাংশ, কিউবা- ৪ দশমিক ৪ শতাংশ, ইকুয়েডর-৪ শতাংশ, প্যারগুয়ে-৬ শতাংশ, উরুগুয়ে-৪ শতাংশ, পেরু-৬ দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোর মধ্যে ২০১৩ সালে আলজেরিয়া- ৫ শতাংশ, এ্যাঙ্গোলা- ৭ শতাংশ, ক্যামেরুন-৪ দশমিক ৭ শতাংশ, মিশর-সাড়ে ৩ শতাংশ, ইথোপিয়া-সাড়ে ৭ শতাংশ, ইরাক-৮ দশমিক ২ শতাংশ, ইসরাইল-৩ শতাংশ, জর্ডান-৩ দশমিক ৮ শতাংশ, কেনিয়া-৪ দশমিক ৮ শতাংশ, লেবানন-৩ শতাংশ, লিবিয়া-১২ দশমিক ২ শতাংশ, মরক্কো-৪ শতাংশ, নাইজেরিয়া-৬ দশমিক ৭ শতাংশ, সৌদি আরব-৪ দশমিক ৩ শতাংশ, দক্ষিণ আফ্রিকা- ৩ শতাংশ, সংযুক্ত আরব আমিরাত-৪ দশমিক ৩ শতাংশ এবং জিম্বাবুয়ে ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।
২০১৩ সালে যে ১০টি দেশ
প্রবৃদ্ধির তালিকার শীর্ষে থাকবে
দেশের নাম জিডিপি প্রবৃদ্ধির হার
(শতাংশে)
মঙ্গোলিয়া ১৮.১
ম্যাকাও ১৩.৫
লিবিয়া ১২.২
চীন ৮.৬
ভুটান ৮.৫
তিমুর ৮.৩
ইরাক ৮.২
মোজাম্বিক ৮.২
রুয়ান্ডা ৭.৮
ঘানা ৭.৬
সূত্র: ইকোনমিষ্ট ইন্টিলিজেন্স ইউনিট