জাতিসংঘের শান্তিদূত ব্রাহিমি দামেস্কে

সিরিয়ায় নতুন করে সহিংসতার অবসান ঘটানোর চেষ্টায় দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সোমবার বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি। ভবিষ্যতে আরো অনেক পদক্ষেপ নেয়ার ব্যাপারে দুইজন বৈঠকে আলোচনা করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি ব্রাহিমি। সিরিয়ায় লড়াইয়ের কারণে ব্রাহিমি লেবাননের মধ্য দিয়ে দামেস্কে যান। খবর রয়টার্সের। আসাদের সঙ্গে সিরিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে বলে জানান তিনি। দুইজনই সিরিয়া সঙ্কটের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। সিরিয়া পরিস্থিতি এখনো উদ্বেগজনক উল্লেখ করে ব্রাহিমি সঙ্কট কাটাতে সব পক্ষই দেশের জনগণের চাওয়াকে মূল্য দিয়ে একটি সমাধানে পৌঁছার জন্য কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন। প্রেসিডেন্ট আসাদও সিরিয়ার জনগণের স্বার্থে যে কোনো প্রচেষ্টায় সমর্থন প্রকাশ করেন। সহিংসতা অনেক বেড়েছে সিরিয়ায়। রবিবারই হামা প্রদেশের হালফায়া শহরে একটি রুটির দোকানে বিমান হামলায় ৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সহিংসতার এ নতুন প্রেক্ষাপটেই তৃতীয়বারের মতো দামেস্কে যান ব্রাহিমি। এ পর্যন্ত সিরিয়া শান্তি প্রক্রিয়ায় খুব সামান্যই এগুতে পেরেছেন তিনি। এ মুহূর্তে তিনি নতুন কী পরিকল্পনা নিয়ে তিনি এগুচ্ছেন তাও স্পষ্ট নয়।