আফগানিস্তানে নেভি সিল
সদস্যের ‘আত্মহত্যা’
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিজাত বাহিনী ‘নেভি সিলে’র এক জ্যেষ্ঠ সদস্য মারা গেছেন। এটি একটি আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো। রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) কমান্ডার জব প্রাইসের (৪২) মৃত্যুর কথা জানিয়েছে।
এক বিবৃতিতে পেন্টাগন জানায়, আফগানিস্তানের উরুগজান প্রদেশে যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন একটি আঘাতে কমান্ডার প্রাইসের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি ও সিএনএন জানিয়েছে, প্রাইসের মৃত্যুর ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পটস্টাউন এলাকার বাসিন্দা প্রাইস বিবাহিত ছিলেন। প্রাইস দম্পতির এক কন্যাসন্তান রয়েছে। ১৯৯৩ সাল থেকে তিনি কর্মকর্তা হিসেবে যুক্তরাষ্ট্র নৌবাহিনীতে কর্মরত ছিলেন।