সংবাদ কণিকা

মেক্সিকোয় ৪ পুলিশ নিহত মেক্সিকোয় স্থানীয় অপরাধীদের অতর্কিত হামলায় ৪ পুলিশ নিহত হয়েছে। মিচোয়াকান রাজ্যের এটর্নী মার্কো ভিনিসিও গারিবে রবিবার জানান, এর আগে হামলাকারীরা এসব পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছিল। তারা ব্রিসেনাস ও সাহুয়াও শহরের মধ্যবর্তী সড়কে এসব পুলিশকে হত্যা করে। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। এখানে মাদক, নারী পাচার ও অপহরণসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে অপরাধীচক্রের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।-এএফপি বিলাসবহুল দপ্তরে মোদি ভারতের গুজরাট রাজ্যে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে বেশ খোশ মেজাজে আছেন নরেন্দ্র মোদি। এবার তিনি পুরোনো দপ্তর ছেড়ে গান্ধীনগরে নির্মিত বিলাসবহুল দপ্তরে উঠতে যাচ্ছেন। তাঁর ওই নতুন দপ্তর নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ কোটি রুপি। দপ্তরটি গুলি নিরোধক (বুলেটপ্রুফ) বলে রবিবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।-এএফপি চিলিতে অগ্ন্যুত্পাতের সতর্কতা জারি আর্জেন্টিনা সীমান্তবর্তী আন্দিয়ানের দক্ষিণ অবস্থিত কোপাহিউ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুত্পাতের জন্য চিলি রবিবার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জনজীবনের জন্য বড় ধরনের হুমকির সম্ভাবনা থাকায় এ সতর্কতা জারি করা হয়। জাতীয় জরুরি দফতর অগ্ন্যুত্পাতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করলেও এতে বর্তমানে কোন শহর ঝুঁকির মুখে না থাকায় জনগণকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়নি। ভূতত্ত্ব ও খনি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে আগ্নেয়গিরির একটি ছোট অংশ দিয়ে ধীরগতিতে অগ্ন্যুত্পাত হলেও এটি ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া হচ্ছে না।-এএফপি নতুন সংবিধানের দাবি তালেবানের আফগানিস্তানে নতুন সংবিধান চেয়ে তালেবানরা বলেছে ‘‘আমাদের কাছে আফগানিস্তানের বর্তমান সংবিধানের কোন মূল্য নেই। কারণ এটি ২০০৪ সালে বি ৫২ যুদ্ধ বিমানের চাপের মুখে তৈরি করা হয়।” এতে আরো বলা হয়, ‘‘ইসলামি আমিরাত আফগানিস্তানের সাহসী জাতির জন্য দরকার এমন একটি সংবিধান যা হবে ইসলাম ধর্মের নীতি, জাতীয় স্বার্থ, ঐতিহাসিক অর্জন এবং সামাজিক ন্যায়বিচারের উপর ভিত্তি করে রচিত। আমরা চাই সকল আফগান মানুষের প্রত্যাশার ঐকমত্যের সরকার।” তালেবান নেতারা জোর দিয়ে বলেন, তারা এককভাবে ক্ষমতা চায় না।-ডয়চে ভেলে