কসোভোকে স্বীকৃতি দিল পাকিস্তান

কসোভো প্রজাতন্ত্রকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়ার সিদ্বান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটির সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে সরকারের তরফ থেকে এ সিদ্বান্ত নেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান সরকার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তুর্কিতে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে কসোভো প্রজাতন্ত্রে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিবে। কসোভোকে স্বীকৃতি দেয়া জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে পাকিস্তান ৯৮তম রাষ্ট্র। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেশটি সার্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।