পশ্চিমবঙ্গে চার হাজার ধর্ষণ মামলার চার্জশিট হয়নি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্ষণের যত মামলা চলছে, তার এক-তৃতীয়াংশেরই চার্জশিট দিতে পারেনি পুলিশ। ফলে ক্ষীণ হচ্ছে চার হাজারেরও বেশি অভিযোগকারীর সুবিচার পাওয়ার আশা। পুলিশ সূত্রের খবর, এই পরিসংখ্যান পেয়ে ডিজি নপরাজিত মুখোপাধ্যায় জেলার পুলিশ সুপারদের বলেছেন, ধর্ষণ-মামলায় দ্রুত চার্জশিট দাখিল না করলে তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খবর আনন্দবাজার পত্রিকার। স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০০৭-২০১১ সালের পরিসংখ্যান অনুসারে, রাজ্যের আদালতগুলোতে ১৩ হাজার ৩২টি ধর্ষণের মামলা রয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫২টির চার্জশিটই দাখিল করতে পারেনি পুলিশ। চলতি বছরে কত ধর্ষণের মামলা হয়েছে আর কতগুলোর চার্জশিট হয়েছে, তার হিসাব এখনও তৈরি হয়নি। কেন চার্জশিট দিতে ব্যর্থ পুলিশ-এ প্রশ্নে খোদ পুলিশের মধ্যে দ্বিমত রয়েছে। এক পক্ষের যুক্তি, একজন তদন্ত কর্মকর্তার হাতে মামলার সংখ্যা ১০০-১৫০টি। দূরে বদলি হলে তিনি নিয়মিত সাক্ষ্য দিতে যেতে পারেন না। এছাড়া ধর্ষণ-মামলার জন্য পৃথক ‘সেল’ নেই। এসব কারণেই মামলার জট এত দীর্ঘ হচ্ছে। পুলিশের অন্য পক্ষ সরকারি আইনজীবীদের আন্তরিকতা, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, জেলা জজ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করলে এই ধরনের অনেক মামলার দ্রুত নিষ্পত্তি হত। কিন্তু এজন্য যে সমন্বয়ের প্রয়োজন, তাতে সরকারি কর্মকর্তারা কতটা উদ্যোগী সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।