চীনে শিশু অপহরণকারী চক্রের বিরুদ্ধে অভিযান গ্রেফতার ৩৫৫
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:৩২
চীনে বিভিন্ন প্রদেশে নয়টি শিশু অপহরণকারী চক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ ৩৫৫জনকে গ্রেফতার করেছে। এ সময়ে ৮৯শিশুকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়।
চীনের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নয়টি প্রদেশে এ অভিযান চালানো হয়। দক্ষিণাঞ্চলের ফুজিয়ান এবং ইউনান প্রদেশ থেকে শিশু অপহরণ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর মঙ্গলবার পুলিশ ওই প্রদেশগুলোতে ঝটিকা অভিযান চালায়। মন্ত্রণালয় আরও জানায়, এসব প্রদেশে সাম্প্রতিক সময়ে শিশু অপহরণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ কারণে তারা এ অভিযান পরিচালনা করে। এ অপহরণকারী চক্রটি বেশি দামে শিশুদের অন্যত্র বিক্রি করে দেয়। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এক একটা শিশু ১০ হাজার মার্কিন ডলারে পর্যন্ত বিক্রি হয়েছে। সংস্থাটি আরও জানায়, সম্প্রতি ইউনান প্রদেশ থেকে অপহরণ করা এক মাসের একটি শিশু ফুজিয়ান প্রদেশে ১০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। সর্বোচ্চ ১৪ হাজার ২৫০ ডলারেও শিশু বিক্রি হয়েছে বলে ওই সংবাদ সংস্থা জানায়।