কমলনগরে অগ্নিদগ্ধে নিহত শাহীন আক্তারের স্বামী গ্রেফতার

লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিদগ্ধে নিহত শাহীন আক্তারের স্বামী মো. ছালাউদ্দিনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে অভিযান চালিয়ে রামগতি উপজেলার আশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শাহীন হত্যা মামলার প্রধান আসামি ছালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত রবিবার বিকেলে উপজেলার চরফলকন আইয়ুবনগর এলাকা থেকে স্থানীয়রা শাহীন আক্তার (২৬) নামে এক গৃহবধূকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা চট্টগ্রামের রাউজান উপজেলার সোনাগাজী এলাকার বাসিন্দা জাফর আলম বাদী হয়ে কমলনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিতর্ক

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেড় বছর আগে শাহীনুরের সঙ্গে কমলনগর উপজেলার চরফলকন এলাকার মনোহর আলীর ছেলে রিকশাচালক ছালাউদ্দিনের বিয়ে হয়। স্ত্রীর স্বীকৃতির দাবিতে গত শনিবার শাহীনুর চট্টগ্রাম থেকে কমলনগরে ছালাউদ্দিনের কাছে আসে। কিন্তু ছালাউদ্দিন তা অস্বীকার করে এবং শাহীনুরের শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মৃত্যুর সঙ্গে লড়াই করে পরদিন সোমবার শাহীনুর মারা যায়।

ইত্তেফাক/বিএএফ