জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভিজিডি’র ২৪০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে ওই এলাকার একটি শেড থেকে চাল গুলো জব্দ করা হয়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার আফাজ উদ্দীন জানান, মাত্রাই ইউনিয়ন পরিষদের আওতায় সোমবার ভিজিডি’র বরাদ্দকৃত ৪২৫ বস্তা চাল বিতরণের নির্ধারিত তারিখ ছিল। বিকালে গোপনে জানতে পারি, ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি শেডের মধ্যে ২৪০ বস্তা চাল রাখা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে মালিক বিহীন ওই চাল গুলো জব্দ করা হয়।
তদন্ত সাপেক্ষে চালগুলো উদ্ধারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: ভাঙ্গছে বগুড়া জেলা বিএনপি
এ ব্যাপারে মাত্রাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডল বলেন, সকাল ৯টা থেকে ৪২৫ জন উপকারভোগীর মধ্যে আমরা চাল বিতরণ করি। এর মধ্যে ২৮ জন অনুপস্থিত থাকায় সেই চালগুলো আমাদের পরিষদে রাখা হয়েছে। তবে পরিষদের বাহিরে একটি শেডে কারা চাল গুলো রেখেছিল, তা আমার জানা নেই।
ইত্তেফাক/অনি