দিল্লির বাসে গণধর্ষণ

চিকিত্সা নিতে সিঙ্গাপুরে গেল মেয়েটি

নয়াদিল্লিতে বাসের মধ্যে গণধর্ষণের শিকার তরুণীকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ত্র প্রতিস্থাপনের লক্ষ্যে বুধবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় বলে এনডিটিভি জানিয়েছে। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়ার পর গত ১০ দিন ধরে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে চিকিত্সা নেন তিনি। এ ঘটনার প্রতিবাদে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক পুলিশ নিহত এবং একশ’র বেশি মানুষ আহত হয়েছে। পার্লামেন্টেও এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। আনন্দবাজার পত্রিকা জানায়, এই তরুণীর উন্নত চিকিত্সার জন্য ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ নিজে উদ্যোগ নিয়ে তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করেছেন। সঙ্গে নেয়া হয়েছে তার বাবা-মা ও কয়েকজন চিকিত্সককে। বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিঙ্গাপুর নেয়া হয়। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বলেন, ওই তরুণীর সঙ্কট এখনও কাটেনি। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে হূদরোগে আক্রান্ত হন তিনি। সকাল থেকে তার শরীরে সেপসিসের সংক্রমণ সামলাতে হিমশিম খান চিকিত্সকরা। এরপরই তাকে সিঙ্গাপুরে নেয়ার কথা ভাবা হয়।