সংবাদ কণিকা
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১২, ২২:১৫
বাস দুর্ঘটনায় নিহত ১৩
ইকুয়েডরের মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় বুধবার একটি যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে ১৩ জন নিহত এবং অপর ৩৭ জন আহত হয়েছে। তুংগুরাগুয়া প্রদেশের গভর্নর লিরা ভিল¬ালবা সাংবাদিকদের বলেন, প্রাদেশিক রাজধানী আম্বাতো ও পিল¬ারো শহরের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে বলা হয়, চালক বাসের নিয়ন্ত্রণ হারানো এ দুর্ঘটনার সম্ভাব্য বলে ধারণা করা হচ্ছে। উল্লে¬খ্য, ইকুয়েডরে সড়ক দুর্ঘটনা একটি বড় সমস্যা। দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় গড়ে লাখে ৩৩ জনের প্রাণহানি ঘটে।- এএফপি
১৮২ জন বিধায়ক কোটিপতি!
ভারতের গুজরাট রাজ্যের সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জয়ী ১৮২ জন বিধায়কের মধ্যে ১৩৪ জন কোটিপতি। এক সমীক্ষায় এই তথ্য পাওয়ার কথা দাবি করা হয়েছে। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে গুজরাট রাজ্যের ১৮২টি আসনের মধ্যে বিজেপি ১১৫টি ও কংগ্রেস ৬১টি আসনে জয়ী হয়েছে। ন্যাশনাল ইলেকশন ওয়াচের এক সামপ্রতিক সমীক্ষায় দেখা যায়, বিধানসভার নির্বাচিত আইনপ্রণেতাদের মধ্যে ৭৪ শতাংশ কোটিপতি। ২০০৭ সালের সর্বশেষ বিধানসভা নির্বাচনে এই হার ছিল ৩১ শতাংশ। সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালের তুলনায় বিজেপি বিধায়কদের সম্পত্তি বেড়েছে ১৭৭ শতাংশ। কংগ্রেসের বিধায়কদের সম্পত্তি বেড়েছে ৪১২ শতাংশ।- এএফপি
হামলাকারী নারী ইরানি!
আফগানিস্তানে মার্কিন উপদেষ্টাকে গুলি করে হত্যা করেছেন যে নারী পুলিশ, তাঁর পরিচয় মিলেছে। তাঁর নাম নার্গিস। তিনি ইরানের নাগরিক বলে আফগান কর্মকর্তারা দাবি করেছেন। মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার রাজধানী কাবুলের পুলিশ সদর দপ্তরে ওই নারী গুলি করে মার্কিন উপদেষ্টাকে হত্যা করেন। ঘটনার পর তাঁকে আটক করা হয়েছে। আফগান কর্মকর্তারা দাবি করেছেন, ওই নারী মানসিক সমস্যায় ভুগছেন। তিনি অবৈধভাবে আফগান পরিচয়পত্র ব্যবহার করে নিরাপত্তা বাহিনীতে যোগ দিয়েছেন।- বিবিসি
লন্ডনের পাতাল রেলে ধর্মঘট
বড়দিনের পরদিন বুধবার ধর্মঘট চলছে লন্ডনের পাতাল রেল পরিষেবায়। ‘ব্যাংক হলিডে’ ভাতার দাবিতে পাতাল রেল শ্রমিকেরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। ইংল্যান্ডে সাধারণত বড়দিন বা এ ধরনের উত্সবের ছুটিকে কর্মীর বার্ষিক ছুটি হিসেবে ধরা হয়। পাতাল রেল পরিষেবা কর্মীদের দাবি, তাঁরা যেহেতু বড়দিনে কাজ করছেন, সেহেতু তাঁদের যেন ‘ব্যাংক হলিডে’ ভাতা দেয়া হয়। ব্যাপারটি নিয়ে বেশ কিছুদিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে টানাপোড়েন চলার পর পাতাল রেল পরিষেবা কর্মীদের সংগঠন এই ধর্মঘটের ডাক দেয়। পাতাল রেল পরিষেবার কর্মীদের সংগঠন ধর্মঘটের প্রশ্নে নিজেদের মধ্যে ভোটেরও আয়োজন করে। এই ভোটে বড় ব্যবধানে ধর্মঘটের পক্ষে রায় দেন সংগঠনের সাধারণ কর্মীরা।- বিবিসি