তালেবানের শর্তসাপেক্ষে শান্তির প্রস্তাব

লড়াই বন্ধ করে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্য শর্ত দিয়েছে পাকিস্তানের তালেবানরা। এসব শর্তের মধ্যে রয়েছে ইসলামি আইন চালু করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তবে পাকিস্তান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ শর্তগুলোকে ‘উদ্ভট’ আখ্যা দিয়েছেন। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের ‘দ্য নিউজ’ দৈনিকে একটি চিঠিতে তাদের দাবিগুলো উল্লেখ করে বলেছে, কাবুল সরকার-বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান জড়িত থাকতে পারবে না। সেইসঙ্গে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ লড়াইয়েও পাকিস্তানকে নজর দিতে হবে। আফগানিস্তানে তালেবানদেরকে রাজনীতির মূলধারায় আনতে তাদের সঙ্গে শান্তি আলোচনায় যাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকার এ সময়ে তালেবান মুখপাত্র আমির মুয়াবিয়া শান্তির জন্য শর্ত উল্লেখ করে এ চিঠি দিলেন। তবে পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “তারা (টিটিপি)সন্ত্রাসী। তারা আলোচনায় আগ্রহী নয়। তাদের দেয়া প্রস্তাব কেউই গুরুত্বসহকারে নিতে পারে না। তাছাড়া তাদের কোনো নিজস্ব সত্তা না থাকায় কোনো সরকারই তাদের সঙ্গে সমঝোতায় যেতে পারে না।”