উপসাগরীয় যুদ্ধের
কমান্ডার স্কোয়ার্জকফ
মারা গেছেন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১২, ২০:৪২
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জেনারেল নরম্যান স্কোয়ার্জকফ জুনিয়র মারা গেছেন। ১৯৯১ সালে কুয়েত দখলকারী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর প্রধান ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টা ২২ মিনিটে ফ্লোরিডার টাম্পায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুর কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
মার্কিন সেনাবাহিনীতে তিনি ৩৪ বছর ধরে কর্মরত ছিলেন। এসময় ভিয়েতনাম যুদ্ধসহ বহুযুদ্ধের অভিজ্ঞতা লাভ করেন তিনি। তবে সামরিক বাহিনীর কর্মজীবনে তার সবচেয়ে সফল অধ্যায় উপসাগরীয় যুদ্ধ। ১৯৯০ সালের ২ অগাস্ট ইরাকের তত্কালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের নির্দেশে দেশটির সেনাবাহিনী প্রতিবেশী ক্ষুদ্র রাষ্ট্র কুয়েত দখল করে নিলে এ যুদ্ধের সূত্রপাত ঘটে।
সাদ্দাম বাহিনীর দখল থেকে কুয়েতকে মুক্ত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে ৩৪ রাষ্টী্রয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠন করা হয় আন্তর্জাতিক যৌথ বাহিনী। ৭ লাখ ৪০ হাজার সেনার এই বাহিনীতে মার্কিন সেনা ছিল ৫ লাখ ৪০ হাজার। মার্কিন বাহিনীর নেতৃত্বাধীন এই যৌথ বাহিনীর কমান্ডার নির্বাচিত হন মার্কিন জেনারেল স্কোয়ার্জকফ। ১৯৯১ সালের ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে পরিচিত এই যুদ্ধ মাত্র ছয় সপ্তাহ স্থায়ী হয়।
স্কোয়ার্জকফের বাহিনীর হামলায় ইরাকি বাহিনী প্রায় ধ্বংস হয়ে যায়। এই ছয় সপ্তাহে স্থল যুদ্ধ হয় মাত্র একশ’ ঘন্টার। বাকি সময় যৌথ বাহিনীর বিমান হামলায় ইরাকি বাহিনী ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এই যুদ্ধে স্কোয়ার্জকফের নেয়া যুদ্ধ কৌশল ব্যাপক প্রশংসিত হয়। তার মৃত্যুতে হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে তাকে “সত্যিকারের আমেরিকান” বলে সম্মান জানানো হয়েছে।