দিল্লি গণধর্ষণ

প্রণবপুত্রের মন্তব্যে ফের বিতর্ক

দিল্লির গণধর্ষণ ঘটনার প্রতিবাদে আন্দোলনরতদের নিয়ে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির ছেলে পার্লামেন্ট সদস্য অভিজিত্ মুখার্জির ‘লিপস্টিক মন্তব্য’ নতুন বিতর্কের সূচনা করেছে। বিক্ষোভে অংশ নেয়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণীদের ‘মেকআপ-লিপস্টিক চর্চিত নারী’ বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে অভিজিত্ মুখার্জি বলেন, ‘গণধর্ষণের প্রতিবাদে আন্দোলন একটি নাটক। এতে অংশ নেয়া নারীরা দেখতে সুন্দর; কিন্তু তাদের দেখে শিক্ষার্থী বলে মনে হয় না আমার।’ বাস্তবতার সঙ্গে আন্দোলনকারীদের খুব একটা সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। অভিজিত্ মুখার্জির এ মন্তব্য টেলিভিশনে প্রচারিত হওয়ার পরপরই নাগরিক সমাজ ও রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার মুখে পড়েন তিনি। অভিজিতের বোন শর্মিষ্ঠা মুখার্জি ভাইয়ের এ মন্তব্যে ‘বিস্মিত’ হয়েছেন বলে জানিয়েছেন। তবে এ মন্তব্যের জন্য পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করে অভিজিত্ দাবি করেছেন, নারীদের অপমানিত করার জন্য এ মন্তব্য করেননি তিনি। নিজের অবস্থান ব্যাখ্যা করে প্রতিবাদ আন্দোলনকে ন্যায্য বলেও অভিহিত করেন তিনি। এছাড়া ‘সরকার আন্দোলন দমনের চেষ্টা করছে’ তিনি নিজে এমন মনে করেন বলেও জানান। তিনি বলেন, নয়াদিল্লি বা কলকাতা যেখানেই ঘটুক, এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের দৃঢ় হওয়া প্রয়োজন, যাতে এ ধরনের জঘন্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অন্যদের কাছে একটি সতর্ক বার্তা পৌঁছায়। সমপ্রতি পশ্চিমবঙ্গের মুশির্দাবাদ জেলার জঙ্গিপুর উপ-নির্বাচনে অভিজিত্ মুখার্জি ভারতীয় পার্লামেন্টে জনপ্রতিনিধি নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার আগে পূর্ববর্তী জনপ্রতিনিধি অভিজিতের বাবা প্রণব মুখার্জি এ আসনটি ছেড়ে দিয়েছিলেন। গত ১৬ ডিসেম্বর ধর্ষণ ও মারধরের পর ২৩ বছরের তরুণী এক ছাত্রীকে দিল্লির ব্যস্ত রাস্তায় চলন্ত বাস থেকে ফেলে দেয় ছয় পুরুষ সহযাত্রী। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।